আমেরিকায় উৎপাদন খাতে অতিরিক্ত ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
বুধবার (৬ আগস্ট) হোয়াইট হাউজে এক যৌথ সংবাদ সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অ্যাপলের সিইও টিম কুক এ ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, “আমেরিকায় বিক্রি হওয়া আইফোন যেন এখানেই তৈরি হয়, এই লক্ষ্যের দিকে এটি একটি বড় পদক্ষেপ। এটি আমাদের ইতিহাসের অন্যতম বৃহৎ বিনিয়োগ প্রবাহের একটি গুরুত্বপূর্ণ সংযোজন।”
এই বিনিয়োগের অংশ হিসেবে অ্যাপল ‘আমেরিকান ম্যানুফ্যাকচারিং প্রোগ্রাম’ চালু করেছে। এর আওতায় আমেরিকায় অ্যাপলের সাপ্লাই চেইন ও উন্নত প্রযুক্তিনির্ভর উৎপাদন আরো বিস্তৃত করা হবে। যদিও আইফোন সম্পূর্ণরূপে আমেরিকায় তৈরির কোনো সরাসরি ঘোষণা দেওয়া হয়নি।
টিম কুক জানান, “এই উদ্যোগের মাধ্যমে আমরা আমেরিকাজুড়ে ১০টি কোম্পানির সঙ্গে নতুন ও সম্প্রসারিত অংশীদারিত্ব গড়ে তুলছি। এরা এমন উপকরণ তৈরি করে যা বিশ্বব্যাপী বিক্রি হওয়া অ্যাপল পণ্যে ব্যবহৃত হয়। প্রেসিডেন্টের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।”
এই নতুন অংশীদার প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে: কর্নিং, কোহিরেন্ট, অ্যাপ্লায়েড ম্যাটেরিয়ালস, টেক্সাস ইনস্ট্রুমেন্টস ও ব্রডকম।
এর আগে অ্যাপল ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। নতুন এই ঘোষণা সেটিকে বাড়িয়ে ৬০০ বিলিয়নে নিয়ে গেল। সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প অ্যাপলের ভারতমুখী উৎপাদন কৌশল নিয়ে সমালোচনা করেছিলেন এবং বলেন, “আমি চাই না আপনি (কুক) আইফোন ভারতেই তৈরি করেন।”
এদিকে ভারত যখন রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে, তখন ট্রাম্প বুধবার ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন। নতুন এই শুল্ক কার্যকর হবে আগামী ২১ দিনের মধ্যে, ফলে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক বেড়ে দাঁড়াবে ৫০ শতাংশ।
অ্যাপলের এই নতুন অঙ্গীকার এসেছে কিছু সপ্তাহ পরেই, যখন কোম্পানিটি এমপি ম্যাটেরিয়ালসের সঙ্গে ৫০০ মিলিয়ন ডলারের চুক্তি করে, যারা আমেরিকার একমাত্র বিরল খনিজ প্রক্রিয়াকরণকারী প্রতিষ্ঠান। এই চুক্তির ফলে টেক্সাসে একটি কারখানা সম্প্রসারিত হবে, যেখানে পুনর্ব্যবহারযোগ্য উপাদান ব্যবহার করে আইফোনে ব্যবহৃত চুম্বক উৎপাদন করা হবে।
এক সাম্প্রতিক বিনিয়োগকারীদের কল-এ কুক বলেন, “আইফোনের অনেক উপাদানই ইতোমধ্যে আমেরিকায় তৈরি হয়—যেমন কাচের ডিসপ্লে ও ফেস আইডি মডিউল—এখন আমরা আরও অনেক উপাদান এখানেই তৈরি করার উদ্যোগ নিচ্ছি।”
এই ঘোষণার পর বুধবার দুপুরের লেনদেনে অ্যাপলের শেয়ার মূল্য ৫% বেড়ে যায়। অর্থ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান লাফার টেঙ্গলার ইনভেস্টমেন্টস-এর সিইও ন্যান্সি টেঙ্গলার বলেন, “টিম কুক ট্রাম্প প্রশাসনের সঙ্গে আপস করে সম্প্রীতির হাত বাড়িয়েছেন বলেই বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি এসেছে।”




