কিউবার জলসীমায় ঢুকে পড়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা-নিবন্ধিত একটি স্পিডবোট থেকে কিউবান নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালানো হলে পাল্টা অভিযানে নৌকাটিতে থাকা চারজন নিহত হয়েছেন।
এ ঘটনায় এক কিউবান কর্মকর্তাসহ আরও ছয়জন আহত হন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক বিবৃতিতে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনাটি ঘটে দেশটির উত্তর উপকূলের কাছে কায়ো ফ্যালকোনেসের উত্তর-পূর্বে প্রায় এক মাইল দূরে। গোলাগুলির সময় নৌকাটি কিউবার জলসীমার ভেতরে অবস্থান করছিল বলেও দাবি করা হয়।
মন্ত্রণালয় জানায়, অভিযানে জড়িত স্পিডবোটটির নিবন্ধন নম্বর তাদের কাছে রয়েছে, তবে নৌকাটিতে থাকা ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরে কিউবান কর্তৃপক্ষ দাবি করে, ওই নৌকাটিতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিউবানরা ছিলেন, যারা কিউবায় অনুপ্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছিলেন।
এ ঘটনার পর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বিষয়টি তাদের নিজেদের মতো করে যাচাই করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, এটি কোনো মার্কিন সরকারি অভিযান ছিল না এবং এতে যুক্তরাষ্ট্র সরকারের কেউ জড়িত ছিলেন না। নৌকাটিতে থাকা ব্যক্তিরা মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা ছিলেন কি না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।




