ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বাহরাইনে অবস্থিত ঘাঁটি থেকে সব জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে এ তথ্য উঠে এসেছে।
সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর ইরানের হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কার মধ্যেই মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হলো।
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বাহরাইনে অবস্থিত ঘাঁটি থেকে মার্কিন নৌবাহিনী সব নৌযান সরিয়ে নিয়েছে বলে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে। গত বছরের জুনে পারমাণবিক স্থাপনায় হামলার পরও একই ধরনের ব্যবস্থা নিয়েছিল মার্কিন নৌবাহিনী।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী মনে করছে, ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে ‘ফেরার পথ নেই’। এমনকি কোনও মার্কিন হামলার আগে জ্যেষ্ঠ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা খুব অল্প সময়ের নোটিশ পাবেন বলেও তারা ধারণা করছে।
এদিকে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফার আলোচনা বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় পুনরায় শুরু হয়েছে। তবে সামরিক পদক্ষেপের মার্কিন হুমকি এখনও বহাল আছে এবং তা যেকোনও সময় বাস্তবে রূপ নিতে পারে।
এছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে উল্লেখযোগ্যসংখ্যক মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। এর মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী, ইসরায়েলে অবতরণ করা এফ-২২ যুদ্ধবিমান, ডেস্ট্রয়ার এবং ইসি-১৩০এইচ কম্পাস কল বিমান। এই বিমানকে ইলেকট্রনিক যুদ্ধের অন্যতম অত্যাধুনিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।




