আগামী মাসের শেষ দিকে চীন সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ২০১৭ সালে সবশেষ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চীন সফর করেছিলেন ট্রাম্প।
সফরসূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার আগে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ট্রাম্প বলেছিলেন, ‘এটি মারাত্মক একটি সফর হতে চলেছে।’
ট্রাম্পের চীন সফরের ঘোষণা এমন সময় এলো, যখন পাল্টা শুল্ক আরোপ নিয়ে নিজ দেশের আদালতে প্রশ্নের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত বছর বাণিজ্যিক অংশীদারদের ওপর তার পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে মার্কিন সুপ্রিম কোর্ট।
পাল্টা শুল্ক ইস্যুতে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রকাশিত এক ফ্যাক্টশিট পর্যালোচনা করে দেখা যায়, চীন থেকে আমদানিকৃত কিছু পণ্যের ওপর ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।
পরে অবশ্য মে মাসে বাণিজ্যিক ক্ষেত্রে উত্তেজনা হ্রাসের জন্য একটি চুক্তি করে যুক্তরাষ্ট্র ও চীন। তাতে দুই দেশই একে অপরের পণ্যের ওপর আরোপিত শুল্ক অনেকাংশে কমিয়ে দেয়।




