শনিবার

,

১১ই এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের তৃতীয় দফা আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে

ডেস্ক রিপোর্ট
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চঝুঁকিপূর্ণ পারমাণবিক আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। তিনি এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। 

তবে সম্ভাব্য যুদ্ধ এড়াতে দেশ দুটির মধ্যে কোনও চুক্তি হবে কি না তা এখনও স্পষ্ট নয়। অবশ্য উভয় পক্ষই শিগগিরই আবার আলোচনায় বসার কথা জানিয়েছে। 

আলবুসাইদি বলেন, দুই পক্ষই নিজ নিজ দেশে পরামর্শ শেষে ‘শিগগিরই’ আলোচনা পুনরায় শুরু করবে। পাশাপাশি আগামী সপ্তাহে ভিয়েনায় কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই আলোচনায় তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তিনি বলেন, আলোচনায় ‘ভালো অগ্রগতি’ হয়েছে। কিছু বিষয়ে সমঝোতা হলেও অন্য কিছু ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি জানান, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পরবর্তী দফা আলোচনা হবে।

এই আলোচনার সম্ভাবনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার হুমকি বাস্তবায়নের ঝুঁকি কমাতে পারে।

অবশ্য ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক শক্তি মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ইরান জানিয়েছে, হামলা হলে জোরালো জবাব দেয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলোচনায় ইরান জোর দিয়ে বলেছে যে শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি ব্যবহারের অধিকার তাদের রয়েছে। তারা নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা এবং ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে।