যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, গত বছর মার্কিন হামলায় লক্ষ্যবস্তু হওয়া তেহরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের উদ্যোগও চলছে।
সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস বলছে, ইরান ইন্টারকন্টিনেন্টাল ক্ষেপণাস্ত্র তৈরির পথে এগোচ্ছে এবং আবারও পারমাণবিক কর্মসূচি জোরদারের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, কূটনৈতিক সমাধানই তার অগ্রাধিকার, তবে আলোচনা ব্যর্থ হলে শক্তি প্রয়োগ থেকেও যুক্তরাষ্ট্র পিছপা হবে না।
স্থানীয় সময় মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেন, ইরান ইতোমধ্যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ ও বিদেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে হুমকির মুখে ফেলতে পারে।
তিনি দাবি করেন, তেহরান এখন এমন ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করছে যা শিগগিরই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে পারবে।
২০২৫ সালে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানায়, তেহরান চাইলে ২০৩৫ সালের মধ্যে সামরিকভাবে কার্যকর আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। তবে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে কি না— সে বিষয়ে সংস্থাটি কিছু বলেনি।
মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে স্বল্প ও মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এগুলোর সর্বোচ্চ পাল্লা প্রায় ১৮৫০ মাইল বা ৩ হাজার কিলোমিটার। অন্যদিকে, ইরানের পশ্চিম প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের দূরত্ব ৬ হাজার মাইলেরও বেশি।




