বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

প্রেস সচিব ক্যারোলিন লেভিটের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রেস সচিব ক্যারোলিন লেভিটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

সম্প্রতি নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা হলো সেই মুখ, সেই মস্তিষ্ক, সেই ঠোঁট—যেভাবে এগুলো নড়ে, যেন মনে হয় তিনি একজন মেশিনগান।”

মাত্র ২৭ বছর বয়সী লেভিট বর্তমানে হোয়াইট হাউজের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রেস সচিব। এর আগে তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় জাতীয় প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ট্রাম্প আরও বলেন, “আমি মনে করি, এর আগে কোনো প্রেসিডেন্টের এত দক্ষ প্রেস সচিব ছিল না। ক্যারোলিন অসাধারণ কাজ করছে।”

এর আগে গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে ট্রাম্পের ব্যাপক প্রশংসা করেন ক্যারোলিন লেভিট। তিনি বলেন, “গত ছয় মাসে প্রেসিডেন্ট ট্রাম্প গড়ে প্রতি মাসে অন্তত একটি করে যুদ্ধবিরতিতে সহায়তা করেছেন। তিনি অনেক আগেই নোবেল শান্তি পুরস্কারের যোগ্যতা অর্জন করেছেন।”

তবে ট্রাম্পের মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মন্তব্যটিকে প্রশংসা হিসেবে দেখলেও অনেকে এটিকে ‘যৌনায়িত’, ‘অপেশাদার’ এবং ‘অশোভন’ বলেও সমালোচনা করেছেন।

এই বিতর্কের মাঝেও ট্রাম্প ও লেভিটের রাজনৈতিক সমন্বয় এবং আস্থা বেশ সুস্পষ্ট বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, ট্রাম্প ও লেভিটের দ্বিমুখী প্রশংসা রাজনৈতিক কৌশলেরই অংশ।