বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমেরিকা-রাশিয়া উত্তেজনায় ট্রাম্পের পারমাণবিক সাবমেরিন মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে অনলাইন বাকযুদ্ধের জেরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এতে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের সঙ্গে তীব্র বাকযুদ্ধে জড়ান ট্রাম্প। একপর্যায়ে ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লেখেন, “উস্কানিমূলক মন্তব্যের কারণে আমি রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি। যাতে এসব মন্তব্য শুধু কথায় সীমাবদ্ধ না থাকে।”

নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেন, সাবমেরিন দু’টি রাশিয়ার আশপাশেই অবস্থান করছে। তিনি বলেন, “আমরা সবসময় প্রস্তুত থাকতে চাই। কেউ ‘নিউক্লিয়ার’ শব্দ বললে আমি তা হালকাভাবে নিই না।”

অন্যদিকে, মেদভেদেভ ট্রাম্পকে উদ্দেশ করে তার টেলিগ্রাম বার্তায় রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন ‘ডেড হ্যান্ড’ নামক স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার কথা স্মরণ করিয়ে দেন। পাল্টা জবাবে ট্রাম্প লিখেছেন, “শব্দ বেছে বলো, মেদভেদেভ! তুমি ভয়ানক এক জায়গায় পা রাখছো।”

এ ঘটনার কয়েক ঘণ্টা আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, রাশিয়া হাইপারসনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’-এর উৎপাদন শুরু করেছে। বছর শেষে এগুলো বেলারুশে মোতায়েন করা হবে।

এদিকে, ইউক্রেনে রুশ হামলা অব্যাহত রয়েছে। জুলাই মাসে রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার কিয়েভে হামলায় ৩১ জন নিহত হন, যাদের মধ্যে পাঁচজন শিশু। নিহতদের স্মরণে শুক্রবার শহরজুড়ে শোক পালিত হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ থামাতে সরাসরি আলোচনার প্রস্তাব দেন। তিনি বলেন, “আমেরিকা এই প্রস্তাব দিয়েছে, ইউক্রেনও সমর্থন জানিয়েছে। এখন প্রয়োজন শুধু রাশিয়ার সম্মতি।”

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ও পুতিন উভয়ের পরমাণু শক্তি প্রদর্শন বর্তমান ভূ-রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলছে।