আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ফেডারেল রিজার্ভ বোর্ড অফ গভর্নরদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে—চেয়ারম্যান জেরোম পাউয়েলের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ফেড চেয়ারম্যান পাউয়েলকে “জেদি” বলে আখ্যায়িত করেন। গত কয়েক মাস ধরেই রিপাবলিকান এই প্রেসিডেন্ট ফেড চেয়ারম্যানের ওপর তীব্র সমালোচনা করে আসছেন, কারণ পাউয়েল স্বল্পমেয়াদি সুদের হার কমাতে অস্বীকৃতি জানিয়েছেন।
আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের মূল দায়িত্ব হলো দাম স্থিতিশীল রাখা এবং সর্বোচ্চ কর্মসংস্থান নিশ্চিত করা। তবে ২০২৫ সালের গোটা বছর ধরেই ফেড তাদের মূল সুদের হার অপরিবর্তিত রেখেছে। ফেডের যুক্তি—ট্রাম্পের বিশাল হারে আরোপিত শুল্ক (ট্যারিফ) মূল্যস্ফীতিতে কী প্রভাব ফেলছে, তা পর্যবেক্ষণ করা প্রয়োজন।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পাউয়েল সুদের হার ‘ব্যাপকভাবে’ না কমান, তাহলে— “বোর্ডেরই নিয়ন্ত্রণ নেওয়া উচিত এবং যা করণীয় তা করাই উচিত!”
ফেড বোর্ডের সাত সদস্যের মধ্যে দুইজন—ক্রিস্টোফার ওয়ালার এবং মিশেল বোম্যান—শুক্রবার পৃথক বিবৃতিতে জানান, তারা মনে করেন ট্যারিফের প্রভাব মূল্যস্ফীতিতে এককালীন, এবং চাকরির বাজার দুর্বল হতে পারে। এ কারণে তারা বুধবারের ফেড মিটিংয়ে ভিন্নমত দিয়েছেন এবং সামান্য সুদের হার কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন—যদিও ট্রাম্প আরও বড় কাট চেয়েছিলেন।
উল্লেখযোগ্যভাবে, এই দুই বোর্ড সদস্যকেই ট্রাম্প নিজেই মনোনয়ন দিয়েছিলেন এবং এখন তিনি তাদের অবস্থানকে স্বাগত জানিয়েছেন।
শুক্রবার প্রকাশিত কর্মসংস্থান প্রতিবেদনে দেখা গেছে, আমেরিকার অর্থনীতি ধীরগতির দিকে। জুলাই মাসে মাত্র ৭৩,০০০টি নতুন চাকরি তৈরি হয়েছে, আর জুন ও মে মাসের হিসাব সংশোধন করে যথাক্রমে মাত্র ১৪,০০০ ও ১৯,০০০ করা হয়েছে।
ট্রাম্প যুক্তি দিয়েছেন, সুদের হার কমালে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে এবং সরকারি ঋণের সুদ পরিশোধ কমবে, পাশাপাশি গৃহঋণ নিতেও সুবিধা হবে সাধারণ মানুষের।
তিনি আরও দাবি করেছেন, বর্তমানে আমেরিকায় প্রকৃতপক্ষে কোনো মূল্যস্ফীতি নেই, যদিও ফেডের পছন্দের পরিমাপক অনুযায়ী মূল্যস্ফীতির বার্ষিক হার ২.৬%—যা তাদের ২% লক্ষ্যসীমার চেয়ে কিছুটা বেশি।
ট্রাম্পের প্রস্তাব হলো, ফেডের নীতিগত হার একবারে ৩ শতাংশ পয়েন্ট কমিয়ে আনা হোক, যার ফলে বর্তমান গড় হার ৪.৩৩% থেকে উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, এমন একটি বড় হার কমানো অর্থনীতিতে অতিরিক্ত অর্থ সরবরাহ করতে পারে, যা মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে।
এর আগে চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্ট এক রায়ে মত দেয়, কেবলমাত্র নীতিগত মতবিরোধের কারণে ট্রাম্প চেয়ারম্যান পাউয়েলকে বরখাস্ত করতে পারবেন না। এর জবাবে হোয়াইট হাউজ তদন্ত শুরু করে, ফেডের ২.৫ বিলিয়ন ডলারের সংস্কার প্রকল্পে অতিরিক্ত খরচের অভিযোগে তাকে বরখাস্ত করা যায় কি না।
পাউয়েলের চেয়ার হিসেবে মেয়াদ শেষ হবে ২০২৬ সালের মে মাসে। ওই সময় ট্রাম্প নিজের মনোনীত (এবং সিনেট দ্বারা অনুমোদিত) একজনকে নিয়োগ দিতে পারবেন।




