বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ১০ দিনের আলটিমেটাম ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০ দিনের আলটিমেটাম দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ার করে বলেছেন, এই সময়ের মধ্যে কোনো অগ্রগতি না হলে মস্কোর ওপর আমেরিকা শুল্ক আরোপসহ অন্যান্য কঠোর পদক্ষেপ নেবে।

বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার ট্রাম্প এই ঘোষণা দেন। এর আগে সোমবার তিনি জানিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধ থামাতে তিনি প্রাথমিকভাবে যে ৫০ দিনের সময় বেঁধে দিয়েছিলেন, তা কমিয়ে ১০ থেকে ১২ দিনে আনা হবে।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ট্রাম্প বলেন, “ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধে এখন থেকে মাত্র ১০ দিন বাকি। এরপর আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে শুল্ক আরোপ শুরু করবে।”

ট্রাম্প আরও জানান, রাশিয়ার কাছ থেকে তিনি এখনো কোনো প্রতিক্রিয়া পাননি। তেলের বাজারে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রভাব নিয়েও তিনি চিন্তিত নন বলে জানান প্রেসিডেন্ট। তিনি বলেন, “তেলের দামে প্রভাব পড়লে আমেরিকা নিজের তেল উৎপাদন বাড়িয়ে পরিস্থিতি সামাল দেবে।”

ট্রাম্প বলেন, “আমি জানি না এই চাপ রাশিয়ার ওপর কোনো প্রভাব ফেলবে কি না। কারণ পুতিন যুদ্ধ চালিয়ে যেতে চাচ্ছেন, সেটা স্পষ্ট। তবে আমরা শুল্কসহ যা কিছু করা সম্ভব, সবই করব।”

এদিকে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিন জানিয়েছে, তারা বিষয়টি “নোট” করেছে। বুধবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের নোট নিয়েছি।”

তিনি আরও বলেন, “বিশেষ সামরিক অভিযান (ইউক্রেনে) অব্যাহত রয়েছে। তবে ইউক্রেন সংঘাত নিরসন এবং আমাদের স্বার্থ নিশ্চিত করার জন্য আমরা একটি শান্তিপূর্ণ সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে পশ্চিমা বিশ্ব একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। ট্রাম্পের এই নতুন আলটিমেটাম পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।