বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমেরিকা ও ইইউর ১৫% শুল্ক চুক্তি: এড়ানো গেল বাণিজ্যযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে একটি কাঠামোগত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ইইউ থেকে আমদানিকৃত বেশিরভাগ পণ্যের উপর ১৫% শুল্ক আরোপ করা হবে। এটি পূর্বে হুমকি দেওয়া ৩০% শুল্কের অর্ধেক এবং এই চুক্তির ফলে প্রায় এক-তৃতীয়াংশ বৈশ্বিক বাণিজ্যে অংশগ্রহণকারী দুই মিত্র দেশের মধ্যে বড় ধরনের বাণিজ্যযুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে।

রবিবার (২৮ জুলাই) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন স্কটল্যান্ডের পশ্চিমাঞ্চলে ট্রাম্পের বিলাসবহুল গলফ রিসোর্টে এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন। এই বৈঠকের মাধ্যমেই দীর্ঘ মাসব্যাপী কঠিন আলোচনার অবসান ঘটে এবং চুক্তিটি চূড়ান্ত রূপ পায়।

চুক্তিটি উভয় পক্ষের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

চুক্তিটি কার্যকর হবে ২০২৫ সালের ১ আগস্ট থেকে। এর আগে আমেরিকা ইইউর রপ্তানির উপর ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিল, যার জবাবে ইইউও প্রতিশোধমূলক পদক্ষেপের হুঁশিয়ারি দেয়। শেষ পর্যন্ত দুই পক্ষ আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছায়।

চুক্তির আওতায় যেসব খাতে শুল্ক আরোপ হবে না বা কম হার কার্যকর থাকবে, তার মধ্যে রয়েছে বিমান শিল্পের যন্ত্রাংশ, সেমিকন্ডাক্টর সরঞ্জাম, কৃষিপণ্য এবং কিছু রাসায়নিক সামগ্রী। এসব ক্ষেত্রে ‘জিরো ফর জিরো’ নীতিমালার আওতায় বিনা শুল্কে আমদানি-রপ্তানির সুযোগ থাকবে।

চুক্তি অনুযায়ী ইউরোপীয় রপ্তানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর মধ্যে অটোমোবাইলও রয়েছে।

ইউরোপের গাড়ি শিল্পের জন্য এই ১৫ শতাংশ শুল্ক কিছুটা স্বস্তির খবর। কারণ এপ্রিল থেকে তাদের ওপর আগের আড়াই শতাংশ শুল্কের সঙ্গে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর ছিল।

এছাড়া, ইইউ আগামী তিন বছরে আমেরিকা থেকে প্রায় ৭৫০ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি করবে এবং আমেরিকায় প্রায় ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। উভয় পক্ষের মধ্যে প্রযুক্তি, প্রতিরক্ষা ও পরিবেশবান্ধব উদ্যোগেও সহযোগিতা বাড়বে বলে জানানো হয়েছে।

তবে চুক্তির সমালোচনাও রয়েছে। ইইউ পার্লামেন্টের কিছু সদস্য ও অর্থনীতিবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন, এই শুল্ক ব্যবস্থা ইউরোপীয় রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতাকে হুমকির মুখে ফেলতে পারে। ইতোমধ্যে ইইউ কমিশন জানিয়েছে, যদি আমেরিকা প্রতিশ্রুতি লঙ্ঘন করে, তবে তারা ৯৩ বিলিয়ন ইউরোর মূল্যের আমেরিকার পণ্যে পাল্টা শুল্ক আরোপ করবে।

আইএনজি রিসার্চের গ্লোবাল হেড অব ম্যাক্রো কার্সটেন ব্রেজেস্কি এক বিবৃতিতে বলেন, “আজকের চুক্তির সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো, এখনও কোনও লিখিত দলিল নেই। আগামী কয়েক ঘণ্টা ও দিনে হয়তো বিষয়টি আরও স্পষ্ট হবে। তাই এখনই চূড়ান্ত মূল্যায়ন করা উচিত নয়।”

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্জ চুক্তিটিকে স্বাগত জানিয়ে বলেন, “এই চুক্তির মাধ্যমে একটি বাণিজ্য সংঘাত এড়ানো সম্ভব হয়েছে, যা জার্মানির রপ্তানিনির্ভর অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারত। বিশেষ করে গাড়ি শিল্পে, যেখানে বিদ্যমান ২৭ দশমিক ৫ শতাংশ শুল্ক এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে।”

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, “চুক্তি হওয়া একটি ইতিবাচক পদক্ষেপ। তবে এর বিস্তারিত না দেখে চূড়ান্ত মূল্যায়ন করা যাবে না।”

অন্যান্য ইউরোপীয় আইনপ্রণেতারা অবশ্য চুক্তি নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন।

ডেনমার্কের এমপি রাসমুস জারলোভ বলেন, “এখানে উদযাপনের মতো কিছু নেই। প্রায় সবকিছুই ইউরোপ ও আমেরিকা, দুই জায়গাতেই আরও ব্যয়বহুল হয়ে উঠবে। আর আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। হোয়াইট হাউজের অর্থনৈতিক অজ্ঞতা পশ্চিমাদের ওপর বড় ক্ষতি ডেকে আনছে।”

বিশ্লেষকেরা মনে করছেন, এই চুক্তি স্বল্পমেয়াদে বিশ্ববাজারে স্থিতিশীলতা আনলেও দীর্ঘমেয়াদে এর প্রভাব নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছা ও বাস্তবায়নের ওপর। তবে বর্তমান বৈশ্বিক উত্তেজনার মধ্যে এটি একটি কৌশলগত সমঝোতা যা আমেরিকা ও ইইউর অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।