বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

অভিবাসী নজরদারিতে ১ লাখ ৮০ হাজার ‘জিপিএস মনিটর’ পরাতে চায় আইস

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার বসবাসকারী প্রায় ১ লাখ ৮৩ হাজার প্রাপ্তবয়স্ক অভিবাসীর ওপর নজরদারি বাড়াতে ‘জিপিএস এনকেল মনিটরিং ডিভাইস’ ব্যবহারের নির্দেশ দিয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। এই অভিবাসীরা বর্তমানে ‘অল্টারনেটিভস টু ডিটেনশন-এটিডি’ নামে পরিচিত নজরদারি কর্মসূচিতে তালিকাভুক্ত।

ওয়াশিংটন পোস্টের হাতে আসা অভ্যন্তরীণ একটি মেমো অনুযায়ী, গত ৯ জুন আইস কর্মীদের একটি নির্দেশনা পাঠানো হয় যেখানে বলা হয়, এটিডি-তে থাকা সব অভিবাসীর গোড়ালিতে বৈদ্যুতিক মনিটর স্থাপন করতে হবে। বর্তমানে এটিডিতে প্রায় ১ লাখ ৮৩ হাজার প্রাপ্তবয়স্ক অভিবাসী নথিভুক্ত রয়েছেন। এসব অভিবাসীর মধ্যে মাত্র ২৪ হাজার জন পায়ে ডিভাইসটি পরিহিত আছেন। তবে এই সংখ্যা আগামী মাসগুলোতে কয়েকগুণ বাড়ানো হতে পারে।

এই নির্দেশনাকে অনেকে ২০ বছরের পুরনো বিতর্কিত নজরদারি নীতির একটি ‘উল্লেখযোগ্য সম্প্রসারণ’ হিসেবে দেখছেন। মানবাধিকারকর্মী ও অভিবাসন আইনজীবীরা বলছেন, ভারী ও কালো এই গোড়ালি শেকল ব্যবহার মানসিকভাবে অপমানজনক, শারীরিকভাবে অস্বস্তিকর এবং সামাজিকভাবে কলঙ্কজনক। ব্যবহারকারীদের অনেকের শরীরে ক্ষত বা ফুসকুড়ি দেখা গেছে।

আইসের মুখপাত্র এমিলি কোভিংটন এক বিবৃতিতে জানান, ট্র্যাকিং ডিভাইস ব্যবহার “কোনো বিস্ময়কর বিষয় নয় বরং অভিবাসন আইন প্রয়োগের একটি প্রয়োজনীয় হাতিয়ার।” তিনি আরও বলেন, “আইস কেস-বাই-কেস ভিত্তিতে সিদ্ধান্ত নেয়” এবং “সঠিক ক্ষেত্রে কর্মকর্তাদের পূর্ণ বিবেচনার সুযোগ রয়েছে।”

বর্তমানে এই মনিটরিং কর্মসূচি বিআই ইনকর্পোরেটেড নামে একটি কোম্পানি পরিচালনা করছে, যা ফ্লোরিডাভিত্তিক বেসরকারি কারা প্রতিষ্ঠান জিও গ্রুপের সহযোগী। ট্রাম্পের ২০২৪ সালের প্রচার অভিযানে ১.৫ মিলিয়ন ডলারের বেশি অনুদান দিয়েছিল প্রতিষ্ঠানটি। আইসের চাহিদা পূরণে সক্ষমতা নিয়ে সন্দেহ থাকায় সংস্থাটি বিকল্প প্রযুক্তি কোম্পানির সঙ্গেও আলোচনা করছে।

এক অভ্যন্তরীণ সূত্র জানায়, ট্রাম্প প্রশাসনের অধীনে নতুন এই পদক্ষেপ অনেককেই অবাক করেছে। সম্প্রতি ভার্জিনিয়ার চ্যান্টিলিতে একটি আইস অফিসে প্রায় ৫০ জন অভিবাসীকে মনিটর সংযুক্ত করার জন্য অপেক্ষা করতে দেখা যায়।

আইসের তথ্য অনুযায়ী, আদালতের শুনানিতে উপস্থিত থাকা বা চেক-ইন করাই এই অভিবাসীদের মূল দায়িত্ব। অথচ ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত আটকহীন অভিবাসীদের ৮৩ শতাংশই নিয়মিতভাবে আদালতে হাজির হয়েছেন— যা বর্তমান শেকল নীতির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে।

এটিডি প্রোগ্রামের আওতায় অভিবাসীদের কোনো একটি ট্র্যাকিং ব্যবস্থা বেছে নিতে হয়— গোড়ালির শেকল, একটি অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল চেক-ইন, অথবা অফিসে গিয়ে কেস ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ। তবে বর্তমানে মাত্র ১৩ শতাংশ অংশগ্রহণকারীর পায়ে ডিভাইস পরানো হয়, আর সেই ব্যবহারের হার এখন দ্রুত বাড়ছে।

আইসের তথ্যে দেখা গেছে, চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত নতুন করে ৪,১৬৫ জন অভিবাসীকে পায়ে শেকল পরানো হয়েছে।