বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ফেড ভবনের সংস্কার ব্যয় নিয়ে ট্রাম্প-পাওয়েল মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল ফেডের সদর দপ্তরে এক বিরল সফরে সরাসরি মুখোমুখি হন। মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কেন্দ্রীয় ব্যাংকের ভবন সংস্কারের বিপুল ব্যয় এবং সুদের হার হ্রাস নিয়ে প্রেসিডেন্টের চাপ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে ট্রাম্প ও পাওয়েলের বাকবিতণ্ডা তুলে ধরেন।

প্রতিবেদনের বলা হয়, ট্রাম্প, যিনি এর আগে পাওয়েলকে ‘বোকা’ বলে অভিহিত করেছিলেন, সংস্কার প্রকল্পের ৩.১ বিলিয়ন ডলারের খরচকে প্রতারণার মতো বলে উল্লেখ করেন। ফেডের ভবনের নির্মাণাধীন অংশে দুজনই হেলমেট পরে উপস্থিত ছিলেন এবং ট্রাম্প ব্যয় বাড়ার অভিযোগ তোলেন।

ট্রাম্প বলেন, “দেখে মনে হচ্ছে এর ব্যয় এখন ৩.১ বিলিয়ন ডলার—এটা একটু নয়, অনেকটা বেড়ে গেছে।”

পাওয়েল, যিনি সাধারণত শান্ত থাকেন, কিছুটা বিরক্ত হয়ে চোখ বন্ধ করে মাথা নাড়েন এবং বলেন, “আমি এই পরিমাণ সম্পর্কে অবগত নই।”

ট্রাম্প তখন একটি কাগজ পাওয়েলের হাতে দেন, যেটি স্ক্যান করে ফেড চেয়ারম্যান জানান, এতে পাঁচ বছর আগে সংস্কার হওয়া মার্টিন ভবনের ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, “এটা নতুন কিছু নয়।”

সংবাদকর্মীরা জানতে চাইলে ট্রাম্প বলেন, যদি কোনো প্রকল্প ব্যবস্থাপক বাজেট ছাড়িয়ে যান, তবে তিনি তাকে বরখাস্ত করতেন। তবে তিনি যোগ করেন, “আমি চাই এটা শেষ হোক। আমি এটাকে এখনই সেই পর্যায়ে ফেলতে চাই না।”

পাওয়েলকে অপসারণ করার আগের হুমকির বিষয়ে ট্রাম্প বলেন, “এটা বড় সিদ্ধান্ত, আমি এখন তা প্রয়োজন মনে করছি না। আমি বিশ্বাস করি তিনি সঠিক কাজ করবেন।”

এই সফর এমন সময়ে হলো, যখন মাত্র এক সপ্তাহ পর ফেডের ১৯ জন নীতিনির্ধারক সুদের হার নির্ধারণে দুই দিনের বৈঠকে বসবেন। আশা করা হচ্ছে, তারা সুদের হার ৪.২৫%-৪.৫০% পর্যায়ে অপরিবর্তিত রাখবেন।

অন্যদিকে ট্রাম্প সুদের হার ৩ শতাংশ কমানোর জন্য বারবার চাপ দিয়ে আসছেন। তাঁর মতে, ফেড অর্থনীতির গতি বাড়াতে দ্রুত হারে হার কমানো উচিত।

ট্রাম্প ও ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল মুখোমুখী হন ফেডের ৩.১ বিলিয়ন ডলারের সংস্কার ব্যয় নিয়ে বিতর্কের জেরে। ট্রাম্প এই ব্যয়কে অতিরিক্ত ও অযৌক্তিক বলে দাবি করেন এবং সুদের হার কমানোর চাপ দেন, যা ফেডের স্বাধীনতার ওপর রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত দেয়।

বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প যতই প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করুন না কেন, তিনি নিজ ক্ষমতাবলে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে বরখাস্ত করতে পারেন না। কারণ, ফেডারেল রিজার্ভ একটি স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক, এবং এর চেয়ারম্যানের মেয়াদ ৪ বছর নির্ধারিত। সংবিধান অনুযায়ী এবং আমেরিকার আইন অনুযায়ী, প্রেসিডেন্ট শুধু মেয়াদ শেষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে পারেন বা পুনর্নিয়োগ থেকে বিরত থাকতে পারেন। তবে, চরম অসদাচরণ বা আইনি অপরাধের প্রমাণ থাকলে কংগ্রেসের মাধ্যমে চেয়ারম্যানকে অপসারণ করা যেতে পারে—যা খুবই বিরল এবং কঠিন।

ট্রাম্পের সফরের আগে ফেড কর্মকর্তারা সাংবাদিকদের ভবন সংস্কারের অংশ ঘুরিয়ে দেখান। কংক্রিট মিক্সার, যন্ত্রপাতি ও ড্রিলের শব্দের মাঝে ফেড কর্মকর্তারা বলেন, সুরক্ষাব্যবস্থা—যেমন বিস্ফোরণ প্রতিরোধী জানালা, দ্রব্য ও শ্রমের মূল্যবৃদ্ধি—সব মিলিয়েই ব্যয় বেড়েছে।