বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমেরিকায় শেরিফ প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে অবস্থিত একটি শেরিফ প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিনজন কর্মকর্তার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন প্রশিক্ষণার্থী ও কর্মকর্তা। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চলে অবস্থিত বিস্কেলুজ প্রশিক্ষণ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলেসের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।

রয়টার্স জানায়, বিস্ফোরণের সময় সেখানে বোম স্কোয়াড সদস্যরা একটি পুরনো, এখনও বিস্ফোরিত হয়নি এমন ডিভাইস নিয়ে কাজ করছিলেন। হঠাৎই সেটি বিস্ফোরিত হলে আশপাশ কেঁপে ওঠে। বিস্ফোরণের ফলে কেন্দ্রে থাকা একটি ভবনের জানালা ভেঙে পড়ে এবং পাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর ক্ষতি হয়।

লস অ্যাঞ্জেলেস টাইমস এর প্রতিবেদন অনুযায়ী, নিহত তিনজনই লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের অভিজ্ঞ সদস্য ছিলেন। তাদের মধ্যে একজনের শেরিফ বাহিনীতে ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা ছিল।

বিস্ফোরণের ফলে কমপক্ষে তিনজন নিহতের খবর নিশ্চিত করেছে কাউন্টি শেরিফ বিভাগ।

এ ঘটনায় এফবিআই ও অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস ব্যুরোর একটি বিশেষ তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রশিক্ষণের সময় নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

সিএনএন জানায়, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূরের এলাকাতেও শব্দ শোনা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাউন্টি শেরিফ রবার্ট লুনা এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “এটি আমাদের জন্য এক হৃদয়বিদারক ক্ষতি। এই ট্রেনিং সেন্টার আমাদের গর্বের জায়গা, আজ এখানে প্রাণ হারালেন আমাদের সহকর্মীরা।”

এই বিস্ফোরণ আমেরিকার নিরাপত্তা প্রশিক্ষণ কেন্দ্রগুলোর ব্যবস্থাপনা ও ঝুঁকি মোকাবিলার সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।