বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ট্রাম্পের বরখাস্ত ‘অবৈধ’: ফেডারেল বিচারকের ঐতিহাসিক রায়

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) একজন কমিশনারকে বরখাস্তের সিদ্ধান্ত আইনবিরুদ্ধ ছিল বলে রায় দিয়েছেন একজন ফেডারেল বিচারক।

রায়টিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মার্চ মাসে ডেমোক্র্যাট মনোনীত কমিশনার রেবেকা কেলি স্লাটারকে বরখাস্ত করার যে চেষ্টা করেছিলেন, তা অবৈধ ছিল।

এই রায়ের মাধ্যমে বিচারক রেবেকা কেলি স্লাটারকে ফেডারেল ট্রেড কমিশনের কমিশনার হিসেবে পুনর্বহাল করেছেন।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের আপিল করবে—যা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গড়ানোর সম্ভাবনা রয়েছে।

আমেরিকার রাজনৈতিক ইতিহাসে এটি প্রেসিডেন্টের ক্ষমতা ও স্বাধীন সংস্থার কার্যপরিধি নিয়ে এক গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে।

২০২৫ সালের মার্চে প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাট কমিশনার রেবেকা স্ল্যাটার-কে বরখাস্ত করেন। তিনি ছিলেন এফটিসি’র একজন সিনিয়র সদস্য এবং দীর্ঘদিন ধরে ভোক্তা অধিকার ও কর্পোরেট নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছিলেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিচারক লরেন আলি খান রায়ে বলেন, “এফটিসি হলো একটি স্বায়ত্তশাসিত সংস্থা এবং এর কমিশনারদের নিয়োগ ও অপসারণ সংক্রান্ত নিয়ম-কানুন কংগ্রেস দ্বারা নির্ধারিত। প্রেসিডেন্ট ‘কারণ ছাড়া’ এমন কাউকে বরখাস্ত করতে পারেন না।”

বিচারক আরও উল্লেখ করেন, এফটিসি’র মতো সংস্থাগুলোকে রাষ্ট্রপতির ইচ্ছানির্ভর আচরণ থেকে সুরক্ষা দেওয়ার জন্য দীর্ঘকালীন আইন রয়েছে। এ রায় অনুযায়ী, ট্রাম্পের বরখাস্তের সিদ্ধান্ত আইন লঙ্ঘন করে এবং সেটি কার্যকর নয়।

এই রায়ের পেছনে প্রধান ভিত্তি হচ্ছে ১৯৩৫ সালের হাম্পফ্রিজ এক্সিকিউটর বনাম ইউনাইটেড স্টেটস মামলার রায়, যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছিল যে স্বায়ত্তশাসিত কমিশনের সদস্যদের অপসারণ শুধু নির্দিষ্ট ‘কারণ’ দেখিয়েই সম্ভব।

রায়ের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে, প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার সীমা রয়েছে—বিশেষ করে যখন বিষয়টি স্বাধীন সংস্থার ক্ষেত্রে আসে। আদালত বলেছে, এফটিসি’র কমিশনার কেবলমাত্র গুরুতর অনিয়ম বা আইনভঙ্গের প্রমাণ ছাড়া অপসারিত হতে পারেন না।

ট্রাম্প প্রশাসন এফটিসি-কে একটি কার্যকরী রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে এই রায় সেটি আটকে দেয়।

রায়ের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস ও এফটিসি এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে, এটি ট্রাম্পের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানের ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আমেরিকার বিচার বিভাগের এ রায় কেবল একটি বরখাস্তকে অবৈধ ঘোষণা নয়, বরং রাষ্ট্রীয় সংস্থার স্বাধীনতার পক্ষেও এক গুরুত্বপূর্ণ অবস্থান। এটি দেখিয়ে দিল, নির্বাহী ক্ষমতারও সীমা রয়েছে—এবং সংবিধান ও কংগ্রেসের আইন সে সীমা নির্ধারণ করে দেয়।