বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

কঠোর অভিবাসন অভিযানে জনসমর্থন হারাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর নীতি ও সাম্প্রতিক অভিযানে দুই অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর ঘটনায় আমেরিকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এর ফলে অভিবাসন ইস্যুতে তার জনসমর্থন রেকর্ড পরিমাণে কমে গেছে বলে নতুন এক জরিপে উঠে এসেছে।

সোমবার (২৬ জানুয়ারি) প্রকাশিত রয়টার্স/ইপসোসের জরিপ অনুযায়ী, বর্তমানে মাত্র ৩৯ শতাংশ আমেরিকান ট্রাম্পের অভিবাসন কার্যক্রমকে সমর্থন করছেন, যা মাসের শুরুতে ছিল ৪১ শতাংশ। জরিপে দেখা গেছে, ৫৮ শতাংশ উত্তরদাতা মনে করেন আইসিই এজেন্টরা অভিযানে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ করছেন।

গত ৭ জানুয়ারি আইসিই এজেন্টের গুলিতে নিহত হন তিন সন্তানের জননী রিনি নিকোল গুড। এরপর ২৪ জানুয়ারি মিনেসোটার মিনিয়াপোলিসে ফেডারেল বাহিনীর গুলিতে আইসিইউ নার্স অ্যালেক্স প্রেট্টি নিহত হন। এই ঘটনাগুলো জনমনে ক্ষোভ বাড়িয়ে দিয়েছে।

ক্রমবর্ধমান চাপের মুখে ট্রাম্প তার সীমান্তবিষয়ক প্রধান টম হোম্যানকে মিনিয়াপোলিসে পাঠানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে স্থানীয় গভর্নরের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা উল্লেখ করেছেন। এদিকে শীর্ষ অভিবাসন কর্মকর্তা গ্রেগরি বোভিনোকে সরিয়ে তার জায়গায় টম হোম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বোভিনো সম্প্রতি দাবি করেছিলেন নিহত ব্যক্তি আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর ‘গণহত্যার’ পরিকল্পনা করছিলেন, যদিও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিতর্কিত এই মন্তব্যের পরই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাম্প্রতিক জরিপ ও জনমতের প্রতিফলন স্পষ্ট করছে, অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান জনসমর্থন হারাচ্ছে এবং রাজনৈতিক চাপ বাড়ছে।