আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্টোরকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তিনি এখন আর কেবল শান্তি নিয়ে ভাবার কোনো বাধ্যবাধকতা অনুভব করেন না। সোমবার (১৯ জানুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই কূটনৈতিক বার্তালাপের বিষয়টি প্রকাশিত হয়।
চিঠিতে ট্রাম্প বলেন, আটটিরও বেশি যুদ্ধ থামানোর পরও তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি। তাই তিনি এখন আমেরিকার স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেবেন। শান্তি সবসময় প্রাধান্য পেলেও, আমেরিকার জন্য যা ভালো ও সঠিক তা নিয়েই তিনি ভাববেন বলে উল্লেখ করেন।
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্প দাবি করেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই দ্বীপের ওপর আমেরিকার ‘সম্পূর্ণ ও নিরঙ্কুশ’ নিয়ন্ত্রণ ছাড়া বিশ্ব নিরাপদ নয়। তার মতে, রাশিয়া ও চীনের হুমকি মোকাবিলায় গ্রিনল্যান্ড অধিগ্রহণ অপরিহার্য।
অন্যদিকে, নরওয়ের প্রধানমন্ত্রী স্টোর স্পষ্ট করে জানান, গ্রিনল্যান্ড ডেনমার্কের অবিচ্ছেদ্য অংশ এবং নরওয়ে এতে পূর্ণ সমর্থন দেয়। তিনি আরও বলেন, নোবেল শান্তি পুরস্কার নরওয়ে সরকার নয়, একটি স্বাধীন কমিটি দিয়ে থাকে।
সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা জুনে ২৫ শতাংশে উন্নীত হতে পারে। ইউরোপীয় দেশগুলো এ হুমকি প্রত্যাখ্যান করে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ও আন্তর্জাতিক আইনের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ আমেরিকার এই পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা ইতিমধ্যে বৈঠকে বসে প্রায় ৯৩ বিলিয়ন ইউরো মূল্যের আমেরিকার পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। আগামী বৃহস্পতিবার এ বিষয়ে জরুরি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ট্রাম্পের এই অবস্থানকে কেন্দ্র করে আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের মিত্রদের মধ্যে সম্পর্কে নজিরবিহীন ফাটল দেখা দিয়েছে।




