বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

মিনিয়াপোলিসে বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার মিনিয়াপোলিসে অভিবাসনবিরোধী (আইসিই) বিক্ষোভ দমনে প্রায় দেড় হাজার সেনাকে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আলাস্কার ফোর্ট ওয়েনরাইটে অবস্থানরত ১১তম এয়ারবর্ন ডিভিশনের সেনাদের সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেনা মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে রয়েছে বলে শনিবার (১৭ জানুয়ারি) সিবিএস নিউজকে জানিয়েছেন দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা।

গত ৭ জানুয়ারি আইসিই এজেন্টের গুলিতে আমেরিকার নাগরিক ও আইনি পর্যবেক্ষক রেনি গুড নিহত হওয়ার পর থেকে শহরে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ট্রাম্প প্রশাসন তাকে ‘দেশীয় সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শহরজুড়ে ‘রেনি গুড হত্যাকাণ্ডের বিচার চাই’ স্লোগানে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বিক্ষোভ নিয়ন্ত্রণে ট্রাম্প সম্প্রতি ‘ইনসারেকশন অ্যাক্ট’ জারির হুমকি দিয়েছেন, যা কার্যকর হলে সেনাসদস্যরা সরাসরি আইন-শৃঙ্খলা রক্ষার কাজে অংশ নিতে পারবেন। ইতিমধ্যে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ন্যাশনাল গার্ডকে তলব করেছেন এবং স্থানীয় পুলিশকে সতর্ক অবস্থানে রেখেছেন।

এদিকে ফেডারেল বিচারক ক্যাথরিন মেনেন্দেজ শুক্রবার এক আদেশে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গ্রেফতার ও তাদের ওপর পেপার স্প্রে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছেন। বিশেষ করে যারা আইসিই এজেন্টদের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন, তাদের কাজে কোনো হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন আদালত। এই আদেশ ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের পথে একটি আইনি বাধা হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় নেতারা ও মানবাধিকার কর্মীরা রেনি গুডকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও প্রশাসনের আক্রমণাত্মক মন্তব্য জনরোষকে আরও উসকে দিয়েছে। বর্তমানে মিনিয়াপোলিসের প্রধান এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেনাসদস্যদের সম্ভাব্য মোতায়েন শহরের নাগরিক অধিকার ও সামরিক হস্তক্ষেপ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।