আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনা নিয়ে চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত ইউরোপের আটটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান।
ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে আমেরিকায় পাঠানো সব ধরনের পণ্যের ওপর আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। পরবর্তীতে ১ জুন থেকে এই হার বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করা হবে।
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের দাবি, ডেনমার্কের এখন সময় এসেছে দ্বীপটি আমেরিকাকে ফিরিয়ে দেওয়ার। তিনি সতর্ক করে বলেন, চীন ও রাশিয়া গ্রিনল্যান্ডের দিকে নজর দিচ্ছে, যা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। তাঁর ভাষ্য অনুযায়ী, আমেরিকা ছাড়া অন্য কোনো দেশ এই পরিস্থিতি সামাল দিতে সক্ষম নয়।
ট্রাম্প আরও বলেন, ইউরোপীয় দেশগুলো গ্রিনল্যান্ডে ‘অজ্ঞাত উদ্দেশ্যে’ প্রবেশ করেছে এবং তারা ‘অত্যন্ত বিপজ্জনক একটি খেলা’ খেলছে। তিনি আমেরিকার কথিত ‘গোল্ডেন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে দাবি করেন, গ্রিনল্যান্ড যুক্ত না হলে এই প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণ কার্যকারিতা অর্জন করতে পারবে না।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ঘোষণার ফলে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়তে পারে।
উল্লেখ্য, গ্রিনল্যান্ড জনসংখ্যায় ছোট হলেও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থান হওয়ায় এটি ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা এবং আর্কটিক অঞ্চলে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।




