বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন এক ঘটনার জন্ম দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা করেছেন। রবিবার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি ছবি পোস্ট করে তিনি জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন।

এই ঘোষণা আসে ঠিক এক সপ্তাহ পর, যখন আমেরিকার সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায়। বর্তমানে তারা দুজনই মাদক পাচারের অভিযোগে ফেডারেল কারাগারে বন্দি এবং তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার প্রস্তুতি চলছে। ওই অভিযানে অন্তত ১০০ জন নিহত হয় বলে জানা গেছে।

ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ আমেরিকা হাতে নেবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওয়াশিংটন অনির্দিষ্টকালের জন্য দেশটির জ্বালানি খাতের নিয়ন্ত্রণ রাখবে এবং সরকার সংস্কারে সক্রিয় ভূমিকা পালন করবে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা মূলত ভেনেজুয়েলার তেলের ওপর আমেরিকার আধিপত্য নিশ্চিত করার কৌশল।

অন্যদিকে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছে এবং সেনাবাহিনীও তাকে সমর্থন দিয়েছে। ফলে বর্তমানে একই সঙ্গে ট্রাম্প ও রদ্রিগেজ নিজেদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করায় দেশটির প্রশাসনিক ও সার্বভৌম সংকট চরমে পৌঁছেছে।

এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী কি না, তা নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। লাতিন আমেরিকার ভূ-রাজনীতিতে এই ঘটনা নতুন উত্তেজনা সৃষ্টি করেছে, যা আগামী দিনে আমেরিকার-ভেনেজুয়েলা সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।