বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ইরানকে স্বাধীনতা এনে দিতে আমেরিকা ‘সহায়তা করতে প্রস্তুত’: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ নিয়ে সরব হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্দোলনের ১৪তম দিনে শনিবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরান স্বাধীনতা চায় এবং সেই লক্ষ্যে সহায়তা দিতে আমেরিকা প্রস্তুত রয়েছে।

ট্রাম্প লিখেছেন, “ইরান স্বাধীনতার দিকে দেখছে, সম্ভবত এর আগে এমন স্বাধীনতা তারা চায়নি। আমেরিকা সহায়তা করতে প্রস্তুত আছে।”

অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের ‘গোলমালকারী’ আখ্যা দিয়ে বলেছেন, তারা আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করার চেষ্টা করছে। তেহরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে বিক্ষোভকে ‘সহিংস রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও ভাঙচুরে’ পরিণত হওয়ার দায় আমেরিকার ওপর চাপিয়েছে।

মানবাধিকার গোষ্ঠীগুলোর তথ্য অনুযায়ী, বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ জন বিক্ষোভকারী এবং ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিতে কয়েক বছরের মধ্যে এত দীর্ঘ ও বিস্তৃত বিক্ষোভ আর দেখা যায়নি।

ইরানজুড়ে এখনো ইন্টারনেট ব্ল্যাকআউট বলবৎ রয়েছে। শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, “তারা ভুগবে এমন জায়গায় আমরা শক্ত আঘাত করব।” তবে তিনি স্পষ্ট করেছেন, আমেরিকার হস্তক্ষেপ মানেই সেনা পাঠানো নয়। তাঁর মতে, কয়েকটি শহরের নিয়ন্ত্রণ বিক্ষোভকারীরা নিচ্ছে, যা কয়েক সপ্তাহ আগে কল্পনাও করা যায়নি।

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা শুরু করে, তবে আমেরিকা কঠোর পদক্ষেপ নেবে। তবে এসব মন্তব্য খামেনিকে টলাতে পারেনি। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, “ইসলামিক প্রজাতন্ত্র ক্ষমতায় এসেছে লাখো মানুষের রক্তের ভেতর দিয়ে। যারা এর বিরোধিতা করছে, তাদের বিরোধিতায় পিছু হটা হবে না।”