বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে ৬৬ সংস্থা থেকে সরে দাঁড়াচ্ছে ওয়াশিংটন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন, শান্তি রক্ষা ও গণতন্ত্রের প্রসারে কাজ করা ৬৬টি আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান থেকে আমেরিকাকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) হোয়াইট হাউস থেকে জারি করা এক প্রেসিডেনশিয়াল মেমোরেন্ডামে তিনি জানান, এসব সংস্থা আমেরিকার স্বার্থের পরিপন্থী এবং অকার্যকর হিসেবে চিহ্নিত হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে আমেরিকা উক্ত সংস্থাগুলোতে অংশগ্রহণ বন্ধ করবে এবং অর্থায়নও বাতিল করবে। ট্রাম্প প্রশাসন বলছে, সংস্থাগুলোতে আমেরিকার অর্থ ব্যয় করা অপচয় এবং এতে কোনো কার্যকর ফল পাওয়া যায় না।

হোয়াইট হাউসের তালিকায় জাতিসংঘের বাইরে থাকা ৩৫টি সংস্থা রয়েছে, যার মধ্যে জলবায়ু বিজ্ঞানের শীর্ষ সংস্থা ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) অন্যতম। এছাড়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স এবং মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করা ইউএনএফপিএসহ ৩১টি জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান থেকেও আমেরিকা নাম প্রত্যাহার করছে।

জাতিসংঘের নাম সম্বলিত ১৭টি অঙ্গ সংস্থার মধ্যে রয়েছে ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইউএন অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস, ইউএন ডেমোক্রেসি ফান্ড, ইউএন এনার্জি, ইউএন হিউম্যান সেটেলমেন্টস প্রোগ্রাম, ইউএন পপুলেশন ফান্ড এবং ইউএন ওয়াটার।

আমেরিকার পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব সংস্থা অব্যবস্থাপনায় জর্জরিত এবং অনেক ক্ষেত্রে আমেরিকাবিরোধী এজেন্ডা এগিয়ে নিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এসব সংস্থায় ব্যয় করা আর গ্রহণযোগ্য নয়, কারণ বিনিময়ে কার্যত কিছুই পাওয়া যায় না।

ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে তাঁর দ্বিতীয় মেয়াদে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), প্যারিস জলবায়ু চুক্তি এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকেও সরে দাঁড়িয়েছে। আগামী ২২ জানুয়ারি থেকে ডব্লিউএইচও থেকে আমেরিকার প্রস্থান কার্যকর হবে, যা বৈশ্বিক মহামারি মোকাবিলায় বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, ডব্লিউএইচও-র মোট তহবিলের প্রায় ১৮ শতাংশই আসে আমেরিকা থেকে। জো বাইডেনের আমলে আমেরিকা এসব সংস্থায় পুনরায় যোগ দিলেও ট্রাম্প আবার পুরনো নীতিতে ফিরে গিয়ে আন্তর্জাতিক ব্যবস্থায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছেন।