আমেরিকায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নতুন আর্থিক শর্ত যুক্ত হলো। পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ তালিকায় বাংলাদেশসহ আরও ২৫টি দেশকে যুক্ত করার ফলে এখন থেকে নির্দিষ্ট ক্ষেত্রে আমেরিকার ভিসা পেতে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দিতে হবে। আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে এ নিয়ম কার্যকর হবে।
আমেরিকার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা যদি বি১/বি২ (ব্যবসা ও পর্যটন) ভিসার জন্য যোগ্য হন, তাহলে ভিসা সাক্ষাৎকারের সময় কনস্যুলার অফিসার তাদের ওপর বন্ডের শর্ত আরোপ করতে পারবেন। জামানতের অঙ্ক তিন ধাপে নির্ধারিত—৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ইউএস ডলার। আবেদনকারীর ব্যক্তিগত প্রোফাইল, ভ্রমণের উদ্দেশ্য এবং সাক্ষাৎকারের মূল্যায়নের ভিত্তিতে এই অঙ্ক নির্ধারণ করা হবে।
এই অর্থ আমেরিকার ট্রেজারি বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম Pay.gov–এর মাধ্যমে জমা দিতে হবে। তবে কনস্যুলার অফিসার লিখিত নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো অর্থ জমা না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।
আমেরিকার পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, ভিসা বন্ড একটি পাইলট কর্মসূচির অংশ, যার মূল লক্ষ্য ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আমেরিকায় অবৈধভাবে অবস্থানকারী বা ‘ওভারস্টে’ কমানো। যেসব দেশের নাগরিকদের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে ফিরে না আসার হার তুলনামূলক বেশি, মূলত সেসব দেশকেই এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বন্ড স্থায়ীভাবে কেটে নেওয়া হবে না। নির্দিষ্ট শর্ত পূরণ হলে অর্থ ফেরতযোগ্য। ভ্রমণকারী অনুমোদিত সময়ের মধ্যে আমেরিকা ত্যাগ করলে, ভিসা পেয়েও ভ্রমণ না করলে বা বিমানবন্দরে প্রবেশে বাধা পেলে জমা দেওয়া অর্থ ফেরত পাওয়া যাবে। তবে কেউ যদি নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেন কিংবা ভিসার স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করেন, যেমন রাজনৈতিক আশ্রয় চাইলে, সেই জামানত বাজেয়াপ্ত করা হবে।
এছাড়া ভিসা বন্ড প্রদানকারীদের জন্য আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে তিনটি নির্দিষ্ট বিমানবন্দর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে—বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (BOS), নিউ ইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (JFK) এবং ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (IAD)। অন্য কোনো বিমানবন্দর ব্যবহার করলে বন্ড ফেরতের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।
বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ভুটান, কিউবা, জিবুতি, ফিজি, নাইজেরিয়া, নেপাল, উগান্ডাসহ মোট ৩৮টি দেশ। বিভিন্ন দেশের ক্ষেত্রে এ নীতি ভিন্ন ভিন্ন তারিখ থেকে কার্যকর হবে।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশিদের জন্য আমেরিকায় ভ্রমণ আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে। পর্যটন, ব্যবসা কিংবা স্বল্পমেয়াদি সফরের পরিকল্পনায় অতিরিক্ত আর্থিক প্রস্তুতির প্রয়োজন হবে।




