বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমেরিকার আগ্রাসনের প্রশংসায় মাচাদো, ট্রাম্পকে নোবেল উৎসর্গ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার নোবেলজয়ী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো দেশটির ভবিষ্যৎ নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি বলেছেন, মাদুরো পরবর্তী ভেনেজুয়েলা হবে আমেরিকাস অঞ্চলের জ্বালানির কেন্দ্র, যেখানে বাজার থাকবে উন্মুক্ত এবং বিদেশি বিনিয়োগের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আমেরিকার গণমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাচাদো জানান, একটি মুক্ত ভেনেজুয়েলা গড়ে তোলার জন্য তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে— নিরাপত্তা মিত্র গড়ে তোলা, জ্বালানি কেন্দ্র প্রতিষ্ঠা এবং দেশ ছাড়তে বাধ্য হওয়া নাগরিকদের ফিরিয়ে এনে শক্তিশালী রাষ্ট্র ও উন্মুক্ত সমাজ গড়ে তোলা।

গত মাসে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে নরওয়ে যান মাচাদো। এরপর তিনি দেশে ফেরেননি। নিকোলাস মাদুরোকে ‘অপহরণের’ পর শনিবার (৩ জানুয়ারি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে মাচাদোকে নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, মাচাদো দেশের ভেতরে যথেষ্ট সমর্থন ও সম্মান পান না। তবে মাচাদো নিজের প্রাপ্ত নোবেল পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করে বলেন, “আমি বিশ্বাস করি তিনি এর যোগ্য।”

মাচাদো আরও বলেন, ট্রাম্প যা করেছেন তা অর্জন করা প্রায় অসম্ভব, কিন্তু তিনি বিশ্বকে প্রমাণ করেছেন তিনি আসলে কী বোঝাতে চান। এদিকে সোমবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। জাতীয় পরিষদের অধিবেশনে তিনি মাদুরোকে তুলে নেওয়ার ঘটনাকে ‘অপহরণ’ হিসেবে উল্লেখ করে গভীর মর্মাহত হওয়ার কথা জানান। শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয় মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানিয়ে।