বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে অসন্তোষ, ভারতকে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর আরও উচ্চ হারে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন ভালো মানুষ, তবে তিনি জানেন আমি ভারতের ওপর সন্তুষ্ট নই।”

ট্রাম্প স্পষ্ট করে জানান, রাশিয়ার তেল আমদানি কমানো না হলে খুব দ্রুতই ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসানো হবে। এর আগে গত বছরই আমেরিকা ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছিল।

তবে আশ্চর্যের বিষয় হলো, এত বিপুল শুল্ক থাকা সত্ত্বেও গত নভেম্বর মাসে আমেরিকায় ভারতের রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে উৎসাহিত হয়ে নয়াদিল্লি আমেরিকার বাণিজ্য শর্তে কঠোর অবস্থান বজায় রেখেছে, বিশেষ করে কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে।

ট্রাম্পের শুল্ক আরোপের পর থেকে প্রধানমন্ত্রী মোদি অন্তত তিনবার তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন, তবে কোনো চূড়ান্ত সমাধান হয়নি। গত মাসে দিল্লিতে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হলেও উত্তেজনা কমেনি।

সম্প্রতি ট্রাম্প ও মোদির মধ্যে টেলিফোনে কথোপকথন হয়, যেখানে উভয় নেতা শুল্ক-সম্পর্কিত উত্তেজনা সত্ত্বেও দ্বিপাক্ষিক বাণিজ্যের গতি বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন। এর কয়েক দিন আগে ট্রাম্প ভারতীয় চাল আমদানিতে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।

ভেনেজুয়েলায় আমেরিকার হামলার পর তেলের ভূ-রাজনীতি আবারও সামনে এসেছে। বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেল মজুদ থাকা দেশটির পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে নতুন চাপ সৃষ্টি করেছে।