নিউ ইয়র্ক সিটিতে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে শহরে চলাচলের খরচ বেড়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকাল থেকে সাবওয়ে ও বাসে একবার যাত্রার মূল ভাড়া ১০ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ ডলার। একই সঙ্গে দীর্ঘদিন ব্যবহৃত মেট্রোকার্ড যুগের সমাপ্তি ঘটিয়ে চালু করা হয়েছে আধুনিক ওমনি ট্যাপ অ্যান্ড রাইড ব্যবস্থা।
নতুন নিয়মে মাসিক ৩০ দিনের আনলিমিটেড পাস বাতিল করে চালু করা হয়েছে ৭ দিনের আনলিমিটেড পাস, যার মূল্য ৩৫ ডলার (আগে ছিল ৩৪ ডলার)। যাত্রীরা সাত দিনের মধ্যে ১২টি ট্রিপের ভাড়া পরিশোধ করলে পরবর্তী যাত্রাগুলো বিনামূল্যে করতে পারবেন।
এক্সপ্রেস বাসের ভাড়াও বেড়েছে। একবার যাত্রার ভাড়া ৭ ডলার থেকে বেড়ে হয়েছে ৭ দশমিক ২৫ ডলার। পাশাপাশি ৭ দিনের আনলিমিটেড এক্সপ্রেস বাস পাসের দাম ৬৪ ডলার থেকে বেড়ে ৬৭ ডলার নির্ধারণ করা হয়েছে। নগদ অর্থ ও কয়েন গ্রহণ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে সব যাত্রীকে ওমনি ব্যবহার করে ট্যাপ করে যাত্রা করতে হবে।
নিউ ইয়র্কবাসীরা নতুন বছরের শুরুতে এ ভাড়া বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়তে থাকায় শহরে বসবাস আরও কষ্টসাধ্য হয়ে পড়ছে।
উল্লেখ্য, নিউ ইয়র্কে সর্বশেষ ভাড়া বৃদ্ধি হয়েছিল ২০২৩ সালে। সাধারণত প্রতি দুই বছর পর ভাড়া সমন্বয় করা হলেও, এবার ওমনিতে রূপান্তরের কারণে ছয় মাস দেরিতে নতুন ভাড়া কার্যকর হলো।




