বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র মামদানির সামনে যেসব চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি সিটি হলের সামনে শপথ নিয়েছেন। শপথ অনুষ্ঠানে তিনি উন্নত শহর গড়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, নিউ ইয়র্ক হবে সবার জন্য সমান সুযোগের শহর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের অভিষেক ভাষণে তিনি বলেন, সিটি হল নিরাপত্তা, সাশ্রয়ী জীবনযাপন ও সমৃদ্ধির একটি কর্মসূচি বাস্তবায়ন করবে যেখানে সরকার হবে সেই জনগণের মতো, যাদের সে প্রতিনিধিত্ব করে।

নির্বাচনের আগে তিনি ভাড়া স্থগিত, বিনামূল্যে বাসযাত্রা, সর্বজনীন শিশু যত্ন এবং সাশ্রয়ী আবাসনের মতো একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। শপথের পর তিনি আবারও সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের অঙ্গীকার করেন।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটির রাজনীতি ও জননীতি বিভাগের অধ্যাপক প্যাট্রিক ইগান বলেন, এসব বাস্তবায়নে তিনি নিজের সব রাজনৈতিক শক্তি প্রয়োগ করবেন। তবে তিনি যোগ করেন, নিউ ইয়র্ক একটি বিশাল ও জটিল শহর সবকিছু আদৌ সম্ভব হবে কি না তা নিশ্চিত করে বলা যায় না।

স্থানীয় গণমাধ্যমও এর সঙ্গে একমত। তারা বলছে, এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন সহজ নয়। নিউ ইয়র্ক সিটির বাজেট ঘাটতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়ীদের আস্থা অর্জন এবং ফেডারেল সরকারের সঙ্গে সম্পর্ক—সব মিলিয়ে মামদানির সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। বিশেষ করে ভাড়া স্থগিত ও বিনামূল্যে পরিবহন ব্যবস্থা চালু করতে বিপুল অর্থের প্রয়োজন হবে, যা বাজেট সংকটে বাস্তবায়ন কঠিন হয়ে দাঁড়াতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কিছু সিদ্ধান্ত তিনি এককভাবে এবং তুলনামূলক কম খরচে নিতে পারবেন। যেমন, ভাড়া নিয়ন্ত্রণ বোর্ডে নিজের নীতির পক্ষে থাকা সদস্য নিয়োগ করে তিনি ভাড়া স্থগিত রাখতে পারেন। তবে রাজ্য ও সিটি বাজেট ঘাটতির মুখে থাকা অবস্থায় অন্যান্য বড় প্রতিশ্রুতির অর্থ জোগাড় করা কঠিন হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক রবার্ট শ্যাপিরো বলেন, বিনামূল্যের বাস বা শিশু যত্ন দিতে অর্থ লাগে। সবচেয়ে বড় বাধা হলো নিউ ইয়র্ক রাজ্যের আর্থিক সক্ষমতা এবং গভর্নরের রাজনৈতিক সদিচ্ছা।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণও তার জন্য বড় পরীক্ষা। অপরাধের হার নিয়ন্ত্রণ, পুলিশ সংস্কার এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে জনমনে প্রত্যাশা অনেক বেশি। একই সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। কর নীতি ও ভাড়া স্থগিতের মতো পদক্ষেপ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তাদের আস্থা পুনরুদ্ধার না হলে শহরের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মামদানির সম্পর্ক নিয়েও অনিশ্চয়তা রয়েছে। নির্বাচনের আগে ট্রাম্প তাকে “বিপজ্জনক বামপন্থী” আখ্যা দিয়েছিলেন। যদিও নির্বাচনের পর সুর কিছুটা নরম হয়েছে, তবুও রাজনৈতিক দ্বন্দ্ব অব্যাহত থাকতে পারে। ফেডারেল সহায়তা ও নীতিগত সমর্থন পেতে এ সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অভিবাসন নীতি নিয়েও মামদানির সামনে চ্যালেঞ্জ রয়েছে। অভিবাসীদের অধিকার রক্ষা ও তাদের জন্য সুযোগ সৃষ্টি নিয়ে ফেডারেল সরকারের সঙ্গে সংঘাত দেখা দিতে পারে। একই সঙ্গে পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলা, টেকসই উন্নয়ন এবং পরিবেশবান্ধব নীতি বাস্তবায়নও তার মেয়াদকালে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

ডেমোক্র্যাটিক কৌশলবিদ হাওয়ার্ড উলফসন বলেন, মামদানির সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে মূলত শহরের পুলিশিং ও ছোটখাটো অপরাধ দমনের ওপর। তিনি বলেন, মানুষ যদি নিরাপদ বোধ করে, তবে তারা অনেক সমস্যা সহ্য করতে পারে। আর যদি নিরাপত্তা না থাকে, তা হলে অন্য কোনো চ্যালেঞ্জই তারা মেনে নেবে না।

গণমাধ্যম বিশ্লেষণে বলা হয়েছে, মামদানির মেয়াদকাল হবে প্রগতিশীল নীতির বাস্তবায়নের পরীক্ষা ক্ষেত্র। তার প্রতিশ্রুতিগুলো সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় হলেও অর্থনৈতিক বাস্তবতা, রাজনৈতিক দ্বন্দ্ব ও প্রশাসনিক সীমাবদ্ধতা তার জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। নিউ ইয়র্কবাসী এখন অপেক্ষা করছে, তিনি কতটা সফলভাবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেন।