আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২ ডিসেম্বর) আবারও তার ‘নিখুঁত স্বাস্থ্য’ ও মানসিক সক্ষমতার কথা তুলে ধরেছেন। ৭৯ বছর বয়সী এই নেতা দায়িত্ব পালনের উপযুক্ততা নিয়ে চলমান প্রশ্নের জবাবে আত্মপক্ষ সমর্থন করেন। এর একদিন আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তার একটি সাক্ষাৎকার প্রকাশ করে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, হোয়াইট হাউসের চিকিৎসকেরা তাকে ‘পারফেক্ট হেল্থ’-এ আছেন বলে জানিয়েছেন। তিনি দাবি করেন, টানা তৃতীয়বারের মতো কগনিটিভ পরীক্ষায় শতভাগ সঠিক উত্তর দিয়েছেন—যে পরীক্ষা কোনো বর্তমান প্রেসিডেন্ট বা সাবেক ভাইস প্রেসিডেন্ট দিতে রাজি হননি।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার হাতে বড় কালশিটে দাগ পড়ার জন্য দায়ী অ্যাসপিরিন এবং তিনি টেলিভিশনে সম্প্রচারিত বৈঠকে ঘুমিয়ে পড়েননি। অক্টোবরে এমআরআই স্ক্যান করানোর বিষয়ে আগের বক্তব্যও বদলে তিনি জানান, সেটি আসলে দ্রুততর একটি সিটি স্ক্যান ছিল।
রাজনৈতিক ভাবমূর্তির বড় অংশ তিনি গড়ে তুলেছেন সাংবাদিকদের সঙ্গে ঘন যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক পোস্ট এবং নিজেকে সুপারহিরো হিসেবে দেখানো এআই মিমের মাধ্যমে। তবে দ্বিতীয় মেয়াদের প্রথম বছরেই তার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন বাড়তে শুরু করেছে।
তার ডান হাতে স্থায়ীভাবে কালশিটে দাগ দেখা যাচ্ছে, যা প্রায়ই মেকআপ বা ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা হয়। গোড়ালিও ফোলা দেখা গেছে। কখনো কখনো তিনি চোখ খোলা রাখতে হিমশিম খেয়েছেন, যেমন গত নভেম্বরে স্বাস্থ্যখাতের প্রতিনিধিদের সঙ্গে ওভাল অফিসের বৈঠকে। এ বিষয়ে ট্রাম্প বলেন, তিনি তন্দ্রাচ্ছন্ন ছিলেন না, বরং বিশ্রাম নিচ্ছিলেন।
শুক্রবারের পোস্টে তিনি আরও দাবি করেন, যেকোনো প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থীকে ‘শক্তিশালী, অর্থবহ ও প্রমাণিত’ কগনিটিভ পরীক্ষা দিতে বাধ্য করা উচিত। তিনি লেখেন, “আমাদের মহান দেশ অযোগ্য লোকদের দিয়ে চালানো যায় না।”




