আমেরিকার রাজনীতিতে নতুন অধ্যায় রচনা করলেন তরুণ ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) শপথ নিয়ে তিনি নিউ ইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন। শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে তিনি আলোচনায় আসেন।
শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মধ্যরাতের পর একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে, যা কর্মজীবী মানুষের প্রতি তাঁর অঙ্গীকারের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ৩৪ বছর বয়সী মামদানি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ভাড়া স্থগিতকরণ, সার্বজনীন শিশু পরিচর্যা এবং বিনামূল্যের গণপরিবহন ইস্যুতে প্রচার চালিয়ে নির্বাচিত হয়েছেন।
শপথ অনুষ্ঠানে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস দায়িত্ব পালন করেন।
মামদানি শপথ গ্রহণের সময় একাধিক কোরআন ব্যবহার করেন—এর মধ্যে দুটি তাঁর পরিবারের এবং একটি কৃষ্ণাঙ্গ লেখক আরতুরো শোমবার্গের। নতুন দায়িত্বের সঙ্গে তিনি কুইন্সের ভাড়া-নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্ট ছেড়ে ম্যানহাটনের মেয়রের সরকারি বাসভবনে উঠছেন।
উগান্ডায় ভারতীয় বংশোদ্ভূত পরিবারে জন্ম নেওয়া মামদানি সাত বছর বয়সে নিউ ইয়র্কে আসেন। তুলনামূলকভাবে স্বল্প রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হওয়ার পর মেয়র নির্বাচিত হন। অভিজ্ঞতার ঘাটতি পূরণে তিনি সাবেক মেয়রদের প্রশাসন ও বাইডেন সরকারের অভিজ্ঞ সহকারীদের সঙ্গে কাজ করছেন।




