বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সোমবার আমেরিকায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার আমেরিকার উদ্দেশে রওনা হচ্ছেন। পরদিন সোমবার (২৯ ডিসেম্বর) তিনি ফ্লোরিডায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন বলে জেরুজালেমে এক ইসরাইলি কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন। চলতি বছরে আমেরিকায় ট্রাম্পের সঙ্গে এটি হবে নেতানিয়াহুর পঞ্চম বৈঠক।

এই সফর অনুষ্ঠিত হচ্ছে এমন সময়ে, যখন ট্রাম্প প্রশাসন ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার জন্য চাপ দিচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, বড়দিনের ছুটিতে নেতানিয়াহু তাঁর সঙ্গে দেখা করতে পারেন।

ইসরাইলি দৈনিক ইদিয়োথ আহরোনোথ জানিয়েছে, বৈঠকে ইরান, ইসরাইল-সিরিয়া নিরাপত্তা চুক্তি, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি এবং গাজা চুক্তির পরবর্তী ধাপসহ নানা আঞ্চলিক বিষয় আলোচনায় আসতে পারে।

গত অক্টোবর মাসে ওয়াশিংটন ও আঞ্চলিক মিত্রদের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে দ্বিতীয় ধাপে অগ্রগতি এখনো ধীরগতির। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে। চুক্তি অনুযায়ী, ইসরাইলকে গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে, হামাসের পরিবর্তে একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ ফিলিস্তিনি ভূখণ্ড শাসন করবে এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েন করা হবে। একই সঙ্গে হামাসের অস্ত্র সমর্পণের বিধানও রয়েছে, যা বড় ধরনের জটিলতার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আমেরিকার সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকটি চুক্তির পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াইট হাউস কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে তারা জানায়, ট্রাম্প প্রশাসন যত দ্রুত সম্ভব গাজার জন্য প্রস্তাবিত ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার ও আইএসএফ ঘোষণার আগ্রহ দেখাচ্ছে। তবে নেতানিয়াহুর পদক্ষেপে শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়ায় ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা হতাশ হচ্ছেন।

ইদিয়োথ আহরোনোথ আরও জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের আশঙ্কা নেতানিয়াহুর আলোচ্যসূচির শীর্ষে থাকতে পারে।