বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নিউ ইয়র্কে শক্তিশালী শীতকালীন ঝড়ের আঘাত, ৪০০ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক সিটি ও আশপাশের এলাকায় স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরের পর থেকেই শুরু হয়েছে শীতকালীন ঝড়। ন্যাশনাল ওয়েদার সার্ভিস নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সি, নাসাউ ও সাফোক কাউন্টিসহ বিভিন্ন এলাকায় উইন্টার স্টর্ম ওয়ার্নিং জারি করেছে। পূর্বাভাস অনুযায়ী শুক্রবার বিকেল ৪টার পর তুষারপাত শুরু হয়ে রাতেই সবচেয়ে তীব্র আকার ধারণ করবে এবং শনিবার সকাল পর্যন্ত চলবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরোতে অন্তত ৭ ইঞ্চি তুষার জমতে পারে। কিছু এলাকায় ৪ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের আশঙ্কা রয়েছে। তুষারপাতের হার ঘণ্টায় ১–২ ইঞ্চি পর্যন্ত হতে পারে, ফলে দৃশ্যমানতা কমে যাবে এবং সড়ক পিচ্ছিল হয়ে উঠবে।

আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা শীতকালীন ঝড় নিউ ইয়র্ক সিটির প্রধান বিমানবন্দরগুলোতে বিমান চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে, ফলে হাজারো ছুটির যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, শুক্রবার সকালে লা গার্ডিয়া, জন এফ. কেনেডি এবং নিউয়ার্ক বিমানবন্দরে অন্তত ৪০০টি ফ্লাইট বাতিল হয়েছে এবং ডজনখানেক ফ্লাইট বিলম্বিত হয়েছে। আবহাওয়াবিদরা ভারী তুষারপাত ও শনিবার পর্যন্ত বাতাসের গতি বাড়ার সতর্কতা দেওয়ায় এয়ারলাইনগুলো বৃহস্পতিবার রাত থেকেই ফ্লাইট বাতিল করতে শুরু করে।

সড়ক পরিবহনও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। নিউ ইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে এবং গণপরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছে।

নিউ ইয়র্ক সিটির মেয়র দপ্তর নাগরিকদের আগেভাগে যাতায়াত শেষ করতে এবং গণপরিবহন ব্যবহার করতে বলেছে। বিদ্যুৎ বিভ্রাট ও গাছপালা ক্ষতির আশঙ্কা রয়েছে। জরুরি সেবা সংস্থাগুলো প্রস্তুত রাখা হয়েছে যাতে তুষারপাতের কারণে কোনো দুর্ঘটনা বা বিপর্যয় ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

শুক্রবার দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৩ ডিগ্রি ফারেনহাইট (প্রায় -৫ ডিগ্রি সেলসিয়াস) এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রি ফারেনহাইট (প্রায় -৮ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত নেমে যাবে। শনিবারে তাপমাত্রা আরও কমে সর্বনিম্ন ১৫ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাবে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ফারেনহাইট (প্রায় -২ ডিগ্রি সেলসিয়াস) হওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবারে কিছুটা উষ্ণতা ফিরলেও তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি থাকবে। সর্বোচ্চ ৩২ ডিগ্রি ফারেনহাইট (০ ডিগ্রি সেলসিয়াস) এবং সর্বনিম্ন ১২ ডিগ্রি ফারেনহাইট (প্রায় -১১ ডিগ্রি সেলসিয়াস) পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবারে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ফারেনহাইট (৩ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত উঠতে পারে, তবে রাতের তাপমাত্রা আবারও ২৩ ডিগ্রি ফারেনহাইটে নেমে আসবে।

আবহাওয়া বিভাগ জানাচ্ছে, রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তবে স্বস্তির খবর হলো, মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। আকাশ আংশিক রৌদ্রোজ্জ্বল থাকবে এবং তাপমাত্রা বাড়তে পারে প্রায় ৩৩ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। ততদিন পর্যন্ত নিউইয়র্কবাসীকে সতর্ক থাকার এবং আবহাওয়ার হালনাগাদ তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আবহাওয়াবিদরা বলছেন, এটি নিউ ইয়র্কে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় তুষারপাত হতে পারে। ২০২২ সালের পর এবারই শহরবাসী এত বড় তুষারঝড়ের মুখোমুখি হচ্ছে। ঝড়ের কারণে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটের প্রায় ২৩ মিলিয়ন মানুষ সরাসরি প্রভাবিত হবে।