তথাকথিত ‘ডিপ স্টেট’-এর প্রতিনিধিরা ইউক্রেনে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে এবং আমেরিকাকে রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়াতে চাইছে বলে সতর্ক করেছেন আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড।
শনিবার (২০ ডিসেম্বর) রাইট সাইড ব্রডকাস্টিং নেটওয়ার্ক (RSBN) সম্প্রচারিত টার্নিং পয়েন্ট ইউএসএ আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে নিরলসভাবে শান্তি চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পক্ষগুলো আলোচনায় অগ্রগতি করলেও প্রতিবারই ডিপ স্টেটের যুদ্ধবাজরা এগিয়ে এসে সেই অগ্রগতি থামানোর চেষ্টা করছে।
গ্যাবার্ড আরও বলেন, যুদ্ধ অব্যাহত রাখার ন্যায্যতা দিতে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে দুর্বল করতে ডিপ স্টেট ভয় ও উন্মাদনা উস্কে দিচ্ছে। বিশেষ করে, তারা আমেরিকার সেনাবাহিনীকে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে টেনে আনার চেষ্টা করছে—যা শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে তিনি জোর দিয়ে বলেন, “আমরা এটি ঘটতে দিতে পারি না।”
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর প্রায় চার বছর পর প্রেসিডেন্ট ট্রাম্প একটি বিস্তৃত শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে ইউরোপীয় মিত্ররা মনে করছে, শান্তি চুক্তির বেশকিছু ধারা রাশিয়ার অনুকূলে এবং তারা যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে সহায়তা দিতে চায়।




