রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে একটি চুক্তির সম্ভাবনা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এবং ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ন্যাটোর নেতাদের সঙ্গে তাঁর দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
ট্রাম্প বলেন, “আমরা ইউরোপীয় নেতাদের কাছ থেকে দারুণ সমর্থন পাচ্ছি। তাঁরাও এই যুদ্ধ শেষ করতে চান। আমরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছি। আমার মনে হয়, আমরা এখন আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি আছি।”
এর আগে জেলেনস্কি জানান, আমেরিকা ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা কঠিন হলেও তা ফলপ্রসূ হয়েছে। একই সময়ে জার্মানির বার্লিনে আমেরিকা ও ইউরোপীয় নেতারা বৈঠক করে বিদ্যমান দূরত্ব দূর করার চেষ্টা করেছেন। তবে কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, আঞ্চলিক বিষয় নিয়ে এখনো উল্লেখযোগ্য মতপার্থক্য রয়ে গেছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিপ্রধান কাজা কালাস সতর্ক করে বলেছেন, রাশিয়ার উচ্চাকাঙ্ক্ষা দোনবাস অঞ্চলের বাইরেও বিস্তৃত, যার মধ্যে দোনেত্স্ক ও লুহানস্ক রয়েছে। চলমান আলোচনায় দোনবাসের মর্যাদা একটি কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে। কালাসের মতে, দোনবাস ছেড়ে দিলে সংঘাতের অবসান হবে না, বরং রাশিয়া আরও ভূখণ্ড দখলে উৎসাহিত হবে।
কালাসের এই মন্তব্য ইউরোপে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলন। ইউরোপীয় নেতারা মনে করেন, ইউক্রেনের নিরাপত্তা সরাসরি বৃহত্তর ইউরোপীয় স্থিতিশীলতার সঙ্গে জড়িত। ইউক্রেন পতন হলে অন্যান্য অঞ্চলও রাশিয়ার চাপের মুখে পড়তে পারে।
ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে কিয়েভকে রাজনৈতিক, সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোও রাশিয়ার প্রভাব বিস্তারের আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে। ইইউ আঞ্চলিক ছাড়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রেখেছে। রাশিয়ার দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্যের প্রতিক্রিয়ায় ইউরোপীয় নেতারা প্রতিরোধ এবং যৌথ নিরাপত্তার ওপর জোর দিচ্ছেন। ফলে ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।




