লস অ্যাঞ্জেলেসে নিজেদের বাড়িতে নিহত হয়েছেন খ্যাতনামা হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রী প্রযোজক মিশেল সিঙ্গার রেইনার। স্থানীয় পুলিশ জানিয়েছে, তাদের ছেলে নিক রেইনার এ ঘটনার সঙ্গে জড়িত। সোমবার রাত ৯টা ১৫ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি জামিন ছাড়া আটক রয়েছেন। মামলাটি মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস কাউন্টি জেলা অ্যাটর্নির অফিসে দাখিলের জন্য উপস্থাপন করা হবে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে বা কীভাবে ছেলেকে দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এসব তথ্য জানিয়েছে।
ঘটনার সঙ্গে পরিচিত একটি সূত্র গণমাধ্যমটিকে জানিয়েছে, রব ও মিশেল রেইনারের মেয়ে রোমি তাদের বাড়িতে বাবা-মাকে মৃত অবস্থায় আবিষ্কার করেন। আরেকটি সূত্র জানিয়েছে, শনিবার কনান ও’ব্রায়েনের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে আয়োজিত ছুটির পার্টিতে নিক রেইনারকে তার বাবার সঙ্গে তর্ক করতে দেখা যায়।
রব রেইনারের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। সহকর্মী ও বন্ধুদের মধ্যে ম্যান্ডি প্যাটিনকিন ও কেভিন বেকনসহ অনেকে তার স্মৃতিচারণ করেছেন এবং চলচ্চিত্রে তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।
রব রেইনার ছিলেন কিংবদন্তি কমেডিয়ান ও অভিনেতা কার্ল রেইনারের ছেলে। কার্ল রেইনার ২০২০ সালে মারা যান। সত্তরের দশকে জনপ্রিয় সিবিএস সিটকম অল ইন দ্য ফ্যামিলি-তে মাইক ‘মিটহেড’ স্টিভিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান রব রেইনার। সিরিজটির ২০৫টি পর্ব সম্প্রচারিত হয়। অভিনয় থেকে ধীরে ধীরে পরিচালনার দিকে ঝুঁকে তিনি নিজেকে হলিউডের অন্যতম প্রভাবশালী পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করেন।
তার পরিচালিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে স্ট্যান্ড বাই মি, দ্য প্রিন্সেস ব্রাইড ও হোয়েন হ্যারি মেট স্যালি। পাশাপাশি তিনি আ ফিউ গুড মেন এবং দ্য আমেরিকান প্রেসিডেন্ট-এর মতো প্রশংসিত ও ব্যবসাসফল ছবিও পরিচালনা করেছেন। আ ফিউ গুড মেন ছবির জন্য তিনি অস্কার মনোনয়ন লাভ করেন।
রব রেইনারের মৃত্যুতে চলচ্চিত্র জগতে এক যুগের অবসান ঘটল। তার সৃজনশীলতা, প্রভাব এবং অবদান আগামী প্রজন্মের নির্মাতাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।




