আমেরিকায় দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের এস্টেট থেকে প্রায় ১০০টি নতুন ছবি প্রকাশিত হয়েছে। ছবিগুলোতে এপস্টেইনের সঙ্গে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের সম্পর্কের চিত্র উঠে এসেছে। শুক্রবার হাউস ওভারসাইট কমিটির তলব করে পাওয়া ৯৫ হাজারেরও বেশি ছবির অংশ হিসেবে এগুলো প্রকাশ করা হয়।
প্রকাশিত ছবিগুলোতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বিলিয়নেয়ার বিল গেটস, সাবেক প্রিন্স অ্যান্ড্রু এবং ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননকে দেখা গেছে। ট্রাম্পকে তিনটি ছবিতে দেখা যায়, যার মধ্যে একটিতে তিনি এপস্টেইনের পাশে দাঁড়িয়ে মডেল ইনগ্রিড সেইনহাভের সঙ্গে কথা বলছেন। হোয়াইট হাউস এই প্রকাশকে ‘ডেমোক্র্যাট ধোঁকাবাজি’ বলে অভিহিত করেছে। ট্রাম্প দাবি করেছেন, এটি তাঁর অর্জন থেকে মনোযোগ সরানোর কৌশল।
বিল ক্লিনটনের একটি ছবিতে তাঁকে এপস্টেইন ও গিসলাইন ম্যাক্সওয়েলের পাশে দেখা যায়। ম্যাক্সওয়েলকে ২০২১ সালে এপস্টেইনের যৌন নিপীড়নে সহায়তার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে ক্লিনটন এপস্টেইনের সঙ্গে কোনো অন্যায় কাজে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
অন্য একটি ছবি বিল গেটস ও প্রিন্স অ্যান্ড্রুকে দেখানোর জন্য মূল ছবি থেকে কেটে নেওয়া হয়েছে। এপস্টেইনের সঙ্গে সম্পর্কের কারণে অ্যান্ড্রুকে ‘প্রিন্স’ উপাধি থেকে সরানো হয়। তিনিও অভিযোগ অস্বীকার করেছেন।
স্টিভ ব্যাননসহ আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে এপস্টেইনের সঙ্গে দেখা গেছে। ছবিগুলো কখন বা কোথায় তোলা হয়েছিল, তা প্রকাশ করা হয়নি। রিপাবলিকানরা অভিযোগ করেছেন, ডেমোক্র্যাটরা ট্রাম্পকে লক্ষ্য করে ছবি বাছাই করেছে।
কংগ্রেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি রবার্ট গার্সিয়া বলেছেন, ছবিগুলো এপস্টেইন ও ক্ষমতাধর পুরুষদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে। তিনি বিচার বিভাগকে সব ফাইল প্রকাশের দাবি জানান।
২০১৯ সালে যৌন পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় এপস্টেইন আত্মহত্যা করেন। তাঁর ক্ষমতাধর বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে তখন থেকেই বিতর্ক চলছে। রাজনৈতিক চাপের মুখে বিচার বিভাগকে ১৯ ডিসেম্বরের মধ্যে এপস্টেইন সম্পর্কিত সব নথি প্রকাশ করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প এই প্রকাশনাকে ‘গুরুত্বপূর্ণ কিছু নয়’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, অনেকেই এপস্টেইনকে চিনতেন এবং তার সঙ্গে ছবি তুলেছিলেন।




