বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ধনীদের জন্য ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ ভিসা চালু

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক ধনী বিদেশিদের জন্য নতুন ভিসা প্রকল্প চালু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ট্রাম্প গোল্ড কার্ড’ নামে এই ভিসার জন্য আবেদন করতে হলে কমপক্ষে ১০ লাখ ডলার দিতে হবে।

বুধবার (১০ ডিসেম্বর) ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, এ কার্ড হবে যোগ্য ও যাচাইকৃত ব্যক্তিদের জন্য “নাগরিকত্বের সরাসরি পথ”।

অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, গোল্ড কার্ড স্কিম আমেরিকায় দীর্ঘমেয়াদি বসবাসের প্রতিশ্রুতি দেয়। ব্যক্তিগত আবেদনকারীদের জন্য এক মিলিয়ন ডলার ফি নির্ধারণ করা হয়েছে। কর্মীদের স্পন্সরকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে দিতে হবে দুই মিলিয়ন ডলার। এছাড়া একটি ‘প্লাটিনাম’ সংস্করণও চালু হবে, যার আওতায় বিশেষ কর ছাড় দেওয়া হবে এবং এর মূল্য হবে পাঁচ মিলিয়ন ডলার। আবেদন যাচাইয়ের আগেই প্রত্যেককে ১৫ হাজার ডলার প্রক্রিয়াকরণ ফি দিতে হবে, যা ফেরতযোগ্য নয়।

ফেব্রুয়ারিতে প্রথম ঘোষণা দেওয়ার পর থেকেই এই প্রকল্প সমালোচনার মুখে পড়ে। ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, এটি ধনী ব্যক্তিদের অন্যায্য সুবিধা দেবে। ট্রাম্প অবশ্য এটিকে গ্রিন কার্ডের মতোই বর্ণনা করেছেন, তবে বিশেষভাবে উচ্চমানের পেশাদারদের লক্ষ্য করে তৈরি। তিনি বলেছেন, “আমরা এমন লোক চাই যারা উৎপাদনশীল।”

এই উদ্যোগ এসেছে এমন সময়ে, যখন আমেরিকা অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করেছে। বৈধভাবে কাজের ভিসার ফি বাড়ানো হয়েছে, অননুমোদিত অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে এবং আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। এ ছাড়া ১৯টি দেশের অভিবাসন আবেদনও স্থগিত করা হয়েছে, যেগুলো প্রেসিডেন্টের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

সম্প্রতি ট্রাম্প দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসার আবেদন ফি এক লাখ ডলার করার আদেশে স্বাক্ষর করেছেন। এতে বিদেশি শিক্ষার্থী ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, এই ফি কেবল নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে।

ট্রাম্প এর আগে বলেছিলেন, সরকার এক কোটি গোল্ড কার্ড বিক্রি করে বাজেট ঘাটতি কমাতে পারে। বর্তমানে ইবি-৫ ভিসা সীমিত সংখ্যায় দেওয়া হয়, যেখানে গ্রিন কার্ডধারীরা পাঁচ বছর আমেরিকায় বৈধভাবে বসবাসের পর নাগরিকত্বের জন্য যোগ্যতা অর্জন করেন।