বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

‘তৃতীয় বিশ্বের অভিবাসন স্থায়ীভাবে স্থগিতের’ পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তথাকথিত ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে আমেরিকায় অভিবাসন সম্পূর্ণভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন। কোন কোন দেশকে তিনি ‘তৃতীয় বিশ্ব’ হিসেবে চিহ্নিত করছেন, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি। ওয়াশিংটনে একজন আফগান নাগরিকের বিরুদ্ধে দুই ন্যাশনাল গার্ড সেনাকে গুলি করার অভিযোগ ওঠার একদিন পর ট্রাম্প এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমেরিকার ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করার সুযোগ করে দিতে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব।”

এছাড়া তিনি অভিযোগ করে বলেন, তাঁর পূর্বসূরি জো বাইডেনের আমলে দেওয়া ‘লাখ লাখ’ অভিবাসনের অনুমোদন বাতিল করা হবে। আমেরিকার জন্য ‘প্রকৃত সম্পদ নন’ এমন যে কাউকে দেশ থেকে বহিষ্কার করা হবে বলেও হুমকি দেন ট্রাম্প।

এর আগে ট্রাম্প প্রশাসন জানায়, ১৯টি দেশের নাগরিকদের গ্রিনকার্ড পুনর্মূল্যায়ন করা হবে। এই নির্দেশনার অংশ হিসেবে আমেরিকার নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) প্রধান জোসেফ এডলো জানান, ঝুঁকিপূর্ণ দেশগুলোর নাগরিকদের গ্রিনকার্ড কঠোরভাবে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।

এডলো বলেন, তাঁর প্রতি নির্দেশ দেওয়া হয়েছে— “সন্দেহভাজন প্রতিটি দেশের প্রত্যেক বিদেশি নাগরিকের প্রতিটি গ্রিনকার্ডের ওপর পূর্ণাঙ্গ ও কঠোর পুনর্নিরীক্ষা চালাতে।”

বিবিসি তালিকাটি জানতে চাইলে সংস্থাটি হোয়াইট হাউসের গত জুনের এক ঘোষণার কথা উল্লেখ করে। সেই তালিকায় আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান, সোমালিয়া ও ভেনেজুয়েলা–সহ কয়েকটি দেশের নাম ছিল।

ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত অভিবাসননীতি নিয়ে আমেরিকায় নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ বৈশ্বিক সম্পর্ক ও মানবাধিকার নীতির ওপর বড় চাপ সৃষ্টি করবে। অন্যদিকে সমর্থকরা বলছেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোরতা প্রয়োজন।