বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮ দফা পরিকল্পনা অনুমোদন ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই সপ্তাহে ২৮ দফা সমন্বিত পরিকল্পনা অনুমোদন করেছেন। প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনবিসি নিউজকে জানিয়েছেন, পরিকল্পনাটি উভয় পক্ষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার দিকে গুরুত্ব আরোপ করেছে। পরিকল্পনায় ইউক্রেনের চাহিদা ও প্রয়োজনও প্রতিফলিত রয়েছে।

তবে তিনজন কর্মকর্তা এনবিসি নিউজকে জানিয়েছেন, শান্তি চুক্তির বিস্তারিত কাঠামো এখনো ইউক্রেনকে উপস্থাপন করা হয়নি। সূত্রের মতে, ইউক্রেনকে পরিকল্পনার একটি সংক্ষিপ্ত রূপরেখা জানানো হয়েছে, কিন্তু তারা বিস্তারিত ব্রিফিং বা মতামত দেওয়ার সুযোগ পায়নি। ইউক্রেনীয় কর্মকর্তারা এই সময়সূচিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মনে করছেন।

ঘনিষ্ট সূত্রের বরাতে গণমাধ্যমের তথ্য, বুধবার সেনা সচিব ড্যানিয়েল ড্রিসকলের নেতৃত্বে আমেরিকার একটি সেনা প্রতিনিধিদল কিয়েভে দুটি মিশনে গিয়েছে। একটি হলো সামরিক কৌশল ও প্রযুক্তি নিয়ে আলোচনা করা, এবং অন্যটি হলো শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য প্রশাসনের প্রচেষ্টাকে সমর্থন করা। একজন কর্মকর্তা এটিকে হোয়াইট হাউসের “শান্তি আলোচনা পুনরায় শুরু করার” উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত ইউক্রেন সম্পর্কিত কথিত চুক্তি সম্পর্কে রাশিয়া সরকারি চ্যানেলের মাধ্যমে আমেরিকার কাছ থেকে কোনো তথ্য পায়নি।

এই পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন ও উভয় পক্ষের অনুমোদনের জন্য এখনো আরও আলোচনার প্রয়োজন রয়েছে।