বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

শাটডাউনে আমেরিকায় এক দিনে বাতিল ১,৪০০ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ফেডারেল সরকারের শাটডাউনের প্রভাব পড়ে আমেরিকাজুড়ে বিমান চলাচলে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দেশটির ভেতরে ও আন্তর্জাতিক গন্তব্যে আসা–যাওয়ার নির্ধারিত ১,৪০০টির বেশি ফ্লাইট বাতিল হয়; প্রায় ৬,০০০ ফ্লাইট বিলম্বে ছাড়ে। এর আগের দিন শুক্রবারও প্রায় ৭,০০০ ফ্লাইট বিলম্বিত হয়েছিল বলে ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিল, দেশের ৪০টি ব্যস্ততম বিমানবন্দরে ফ্লাইট চলাচলের সক্ষমতা সর্বোচ্চ ১০% পর্যন্ত কমানো হবে। শাটডাউন চলাকালে বেতন বন্ধ থাকায় অনেক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের অনিয়মিত উপস্থিতির কারণেও সক্ষমতা কমাতে হচ্ছে। এফএএ সূত্রে আরও জানা গেছে, শনিবার ৪০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ৪% ফ্লাইট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে; শাটডাউন অব্যাহত থাকলে ১৪ নভেম্বরের মধ্যে এ হার ১০%-এ পৌঁছাতে পারে।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য বলছে, শার্লট/ডগলাস ইন্টারন্যাশনাল, নিউইয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল ও শিকাগো ও’হেয়ার—এই তিন বিমানবন্দরে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে। জন এফ. কেনেডি (জেএফকে) ও হার্টসফিল্ড–জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে গড়ে প্রায় তিন ঘণ্টা করে বিলম্বে ফ্লাইট ছেড়েছে। নিউ ইয়র্কে বহু যাত্রীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়; বিকেলের এক পর্বে আগত ফ্লাইটগুলো চার ঘণ্টার বেশি দেরিতে পৌঁছায় এবং ছেড়ে যাওয়া ফ্লাইটের গড় বিলম্ব দেড় ঘণ্টা ছাড়ায়।

বাজেট পাস নিয়ে কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের অচলাবস্থার জেরে ১ অক্টোবর থেকে ফেডারেল শাটডাউন চলছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে রাজনৈতিক সমঝোতার আহ্বান জানিয়েছে আমেরিকান এয়ারলাইনসসহ কয়েকটি উড়োজাহাজ সংস্থা।

থ্যাংকসগিভিং ভ্রমণ মৌসুম সামনে রেখে যাত্রীচাপ বাড়তে থাকায় বিলম্ব ও বাতিলের প্রভাব আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমেরিকার পরিবহনমন্ত্রী শন ডাফি সাংবাদিকদের বলেন, পরিস্থিতি আরও খারাপ হলে এবং নিয়ন্ত্রণকর্মীদের অনুপস্থিতি বাড়লে, বিমান চলাচল ২০% পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিতেও তিনি বাধ্য হতে পারেন।

প্রসঙ্গত, এফএএ ও এয়ারলাইনসগুলো যাত্রীদের ভ্রমণ–তালিকা আগেভাগে যাচাই, বিকল্প ফ্লাইটে পুনঃবুকিং এবং বিমানবন্দর–অ্যাপ ও এয়ারলাইন ওয়েবসাইট থেকে রিয়েল–টাইম আপডেট নেওয়ার পরামর্শ দিয়েছে।