অরেগনের পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা আদেশকে অবৈধ ঘোষণা করেছেন আমেরিকার এক ফেডারেল বিচারক। শুক্রবার দেওয়া এ রায় ট্রাম্প প্রশাসনের বিভিন্ন শহরে সেনা নামানোর পরিকল্পনায় বড় আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে—এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আমেরিকার ডিস্ট্রিক্ট বিচারক ক্যারিন ইমারগুট রায়ে বলেন, অভিবাসন কর্তৃপক্ষবিরোধী বিক্ষোভ দমনে সামরিক শক্তি ব্যবহারের পথ এই আদেশ স্থায়ীভাবে আটকে দেয়। এর আগে পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েন ঠেকাতে তিনি অন্তর্বর্তীকালীন আদেশও দিয়েছিলেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ডেমোক্র্যাট নেতৃত্বাধীন লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন ডিসিতেও বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের চেষ্টা করেছিলেন। ইমারগুটের এই রায়কে সেই পরিকল্পনার ওপরও গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে।
তবে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন শুক্রবার এক বিবৃতিতে বলেন, ফেডারেল সংস্থার কর্মকর্তাদের সুরক্ষা দিতে প্রেসিডেন্ট হিসেবে যে আইনি কর্তৃত্ব রয়েছে, ট্রাম্প তা-ই ব্যবহার করেছেন। তিনি আরও জানান, “আমেরিকার শহরগুলোর অরাজকতার দিকে চোখ বুজে থাকতে পারেন না প্রেসিডেন্ট ট্রাম্প; এ বিষয়ে উচ্চ আদালত ন্যায়বিচার করবে বলে আমরা আশাবাদী।”
এ প্রসঙ্গে মন্তব্য জানতে চাইলে অরেগনের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।




