বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ট্রাম্পের শুল্ক আরোপের বৈধতা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিশ্বব্যাপী পাল্টাশুল্ক আরোপের আইনি ভিত্তি নিয়ে আমেরিকার সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন ওঠেছে। নিম্ন আদালতে সরকারের বিরুদ্ধে অনুকূল রায় হওয়ার পর হোয়াইট হাউসের আপিলে বুধবার শুনানিতে রক্ষণশীল ও উদারপন্থী—উভয় শিবিরের বিচারপতিরাই ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (আইইইপিএ) আইনের আওতায় এমন বিস্তৃত শুল্ক কি বৈধ, নাকি কংগ্রেসের কর আরোপের সাংবিধানিক ক্ষমতায় হস্তক্ষেপ—এই প্রশ্ন তোলেন।

বিচারপতি অ্যামি কনি ব্যারেট সরকারের আইনজীবীকে জিজ্ঞেস করেন, “তাহলে কি প্রতিটি দেশকেই প্রতিরক্ষা ও শিল্পের জন্য ‘হুমকি’ ধরে শুল্ক আরোপ করা যাবে? স্পেন, ফ্রান্স—সবাই?” কিছু বিচারপতি প্রেসিডেন্টের পররাষ্ট্র–সম্পর্কিত সহজাত কর্তৃত্বের কথা তুললেও, শুনানির ধারা ইঙ্গিত দেয়—আদালত বিভক্ত রায় দিতে পারে।

মামলাটি করেছে ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ও কয়েকটি অঙ্গরাজ্য; অভিযোগ, প্রেসিডেন্ট সাংবিধানিক সীমা ছাড়িয়ে কার্যত করের সমান শুল্ক বসিয়েছেন। সরকার হেরে গেলে সংগৃহীত অর্থের বড় অংশ ফেরত দিতে হতে পারে—যা ব্যারেটের ভাষায় “সম্পূর্ণ বিশৃঙ্খলা” সৃষ্টি করতে পারে। শুনানিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ অর্থনৈতিক নীতিনির্ধারকেরা উপস্থিত ছিলেন।

হোয়াইট হাউস জানিয়েছে, আদালত বিপক্ষে রায় দিলে বিকল্প পথ খোঁজা হবে। শুনানির আগে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, “হোয়াইট হাউস সব সময়ই প্ল্যান বি-এর জন্য প্রস্তুত থাকে।” চীন, মেক্সিকো ও কানাডাসহ বিভিন্ন দেশের পণ্যে আরোপিত শুল্কে আইইইপিএ-এর প্রয়োগ নিয়ে এ মামলা নির্বাহী ক্ষমতা সম্প্রসারণের প্রথম বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। দ্রুত রায় দেওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।