২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলা আগাম ভোটে নিউ ইয়র্ক সিটিতে রেকর্ড অংশগ্রহণ হয়েছে। নির্বাচন কর্মকর্তাদের হিসাবে এ সময়ে ৫ লাখেরও বেশি ভোটার ভোট দিয়েছেন। রবিবার সন্ধ্যায়ও বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভিড় দেখা যায়। সাধারণত নির্বাচনের দিনে ব্যস্ত থাকবেন—এমন ভোটাররাই আগাম ভোটে অংশ নেন।
পাঁচ বরোর মধ্যে সর্বাধিক আগাম ভোট পড়েছে ব্রুকলিনে—প্রায় ১ লাখ ৫৬ হাজার।
ম্যানহাটনে প্রায় ১ লাখ ৪৪ হাজার, কুইন্সে ১ লাখ ৭ হাজারের বেশি, ব্রঙ্কসে প্রায় ৩৮ হাজার, আর স্ট্যাটেন আইল্যান্ডে প্রায় ৩৪ হাজার ভোটার আগাম ভোট দিয়েছেন।
২০২১ সালের তুলনায় এবার আগাম ভোটের সংখ্যা পাঁচগুণেরও বেশি। নির্বাচন কর্মকর্তারা জানান, অনেক নতুন ভোটার এবার ভোট দিয়েছেন—তাদের মধ্যে প্রায় ২৫ শতাংশ গত দশ বছরে কখনো ভোট দেননি। শুরুর দিকে তরুণ ভোটারদের উপস্থিতি বেশি থাকলেও শেষাংশে ৫৫ বছর বা তদূর্ধ্ব বয়সী ভোটারদের অংশগ্রহণ ছিল সর্বাধিক।
আগামী মঙ্গলবার, ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি ও স্বতন্ত্র প্রার্থী ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর মধ্যে; রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিউয়া লড়াইয়ে থাকলেও প্রভাব তুলনামূলক কম বলে ধারণা।
নিউ ইয়র্ক টাইমসের সর্বশেষ জরিপ বলছে, মামদানি ৭–১০ শতাংশ পয়েন্টে এগিয়ে। অ্যাটলাসইনটেল জরিপে মামদানি ৪১%, কুওমো ৩৪% এবং স্লিউয়া ২৪% সমর্থন পেয়েছেন।
মেয়র প্রার্থীদের পাশাপাশি সিটি কাউন্সিলসহ সিটি প্রশাসনের বিভিন্ন পদের প্রতিদ্বন্দ্বীরাও ভোটের আলোচনায় আছেন। আগামী ৪ নভেম্বরের ভোটে নিউ ইয়র্ক সিটির ৫০ লাখেরও বেশি ভোটার তাদের পরবর্তী মেয়র নির্ধারণ করবেন। এখন অপেক্ষা কেবল চূড়ান্ত ফলাফলের।




