বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয়, যুদ্ধ থামান: পুতিনকে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে পারমাণবিকচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৮ অক্টোবর) হোয়াইট হাউসের প্রকাশিত এক অডিও বার্তায় ট্রাম্প বলেন, “ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে তার উচিত যুদ্ধ শেষ করা। যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা, তা এখন চতুর্থ বছরে।”

এর আগের দিন রাশিয়া জানায়, তাদের পারমাণবিকচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘বুরেভেস্টনিক’ যে কোনো প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম। পুতিন বলেন, এই অস্ত্র মোতায়েনের দিকে এগোচ্ছে। রুশ পক্ষের দাবি, ক্ষেপণাস্ত্রটি প্রাথমিক পরীক্ষায় ১৪ হাজার কিলোমিটার উড়ে প্রায় ১৫ ঘণ্টা আকাশে ছিল।

অডিও বার্তায় ট্রাম্প আরও বলেন, “তারা জানে, আমাদের কাছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পারমাণবিক সাবমেরিন আছে। তাই বলতে চাই, তাদের তীরে যেতে এটিকে ৮ হাজার মাইলও যেতে হবে না।” তিনি বারবার ইউক্রেন যুদ্ধের অবসানের পক্ষে মত জানিয়ে এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের “সবচেয়ে ভয়াবহ যুদ্ধ” হিসেবে অভিহিত করেন।

রয়টার্সের খবরে আগে জানানো হয়, পুতিন যদি যুদ্ধ থামাতে বিলম্ব করেন, তবে ট্রাম্প প্রশাসন রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রশ্নে ট্রাম্প বলেন, “সেটি জানতে পারবেন।”

রাশিয়ার নতুন অস্ত্র–সংকেত ও আমেরিকার কঠোর অবস্থানের মুখে ইউক্রেন যুদ্ধমুখী উত্তেজনা আরও বাড়তে পারে বলেই পর্যবেক্ষকদের আশঙ্কা।