গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্থিতিশীল রাখার প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলে পৌঁছেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি তেলআবিবে অবতরণের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ভ্যান্স ও তার স্ত্রীর বিমান থেকে নামার একটি ছবি প্রকাশ করে লিখেছে, “ইসরায়েলে স্বাগত, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স।”
এর আগে সোমবার আমেরিকার দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও ইসরায়েলে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। তারা যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখা ও গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার অগ্রগতি ত্বরান্বিত করতে ভ্যান্সসহ দুই দূতকে ইসরায়েলে পাঠিয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজা সীমান্তে হামাসের এক হামলায় তাদের দুই সেনা নিহত হন। এর জবাবে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে ১৫৩ টন বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল।
ইসরায়েলি সংসদ নেসেটে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, “আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাতে শান্তির প্রস্তাব। আপনি দুর্বল নয়, শক্তিশালীর সঙ্গেই শান্তি স্থাপন করবেন। ইসরায়েল আজ আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।”
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে। তবে হামাস যদি তা ভঙ্গ করে, আমরা তাদের একেবারে নির্মূল করব।”
গাজায় ১২ দিন ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতি ইসরায়েলি হামলার পর ঝুঁকির মুখে পড়েছে। ভ্যান্সের সফরকে ওয়াশিংটন এবং তেলআবিব উভয়েই ‘শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার গুরুত্বপূর্ণ ধাপ’ হিসেবে দেখছে।




