গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন করে হামলা চালানোর পরও যুদ্ধবিরতি কার্যকর রয়েছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার (১৯ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
যুদ্ধবিরতি এখনো বহাল আছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আছে।” তিনি আরও বলেন, “আমি মনে করি হামাসের নেতৃত্ব কোনো লঙ্ঘনের সঙ্গে সরাসরি জড়িত নয়। কিছু বিদ্রোহী এর পেছনে থাকতে পারে।”
ইসরায়েল জানিয়েছে, রবিবার হামাসের অবস্থান লক্ষ্য করে অভিযান চালানোর পরও তারা যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করেছে। অন্যদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার দাবি, ইসরায়েলি হামলায় গত একদিনে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। এ বিষয়ে ইসরায়েলি বাহিনী বলেছে, তারা হতাহতের খবর খতিয়ে দেখছে।
ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, তিনি যে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, তা এখনও টিকে আছে। তার ভাষায়, “আমরা নিশ্চিত করতে চাই যে হামাসের সঙ্গে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে। তারা কিছু গুলি চালিয়েছে, কিন্তু সম্ভবত তাদের নেতৃত্ব এতে জড়িত নয়।”
এর আগে ৯ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, ইসরায়েল ও হামাস একটি শান্তি পরিকল্পনায় পৌঁছেছে। চুক্তির প্রথম ধাপে বন্দি বিনিময় এবং ইসরায়েলি সেনাদের নির্দিষ্ট সীমার বাইরে প্রত্যাহার করা হয়।
পরদিন ১০ অক্টোবর সকাল ৯টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপর থেকেই উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায় এই যুদ্ধবিরতি বজায় রাখতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। আমেরিকা বলছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং গাজায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ুক, তা তারা কোনোভাবেই চায় না।




