আমেরিকায় চলমান সরকারি শাটডাউনের মধ্যেই আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাই শুরু করেছে ট্রাম্প প্রশাসন। অর্থসংকটকে কারণ দেখিয়ে শুক্রবার (১০ অক্টোবর) বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থায় এই ছাঁটাই কার্যক্রম শুরু হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন।
হোয়াইট হাউজের বাজেট পরিচালক রাসেল ভট সামাজিক মাধ্যমে লিখেছেন, “ছাঁটাই শুরু হয়েছে।” একই দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “ডেমোক্র্যাটদের একগুঁয়েমির কারণেই আমাদের এ ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।”
সরকারি মুখপাত্রদের বরাতে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (আইআরএস), শিক্ষা, বাণিজ্য এবং হোমল্যান্ড সিকিউরিটির সাইবার নিরাপত্তা শাখায় ছাঁটাই শুরু হয়েছে। তবে মোট কতজন চাকরি হারাচ্ছেন, তা এখনো স্পষ্ট নয়।
বিচার বিভাগের তথ্যমতে, সাতটি সরকারি সংস্থার অন্তত ৪,২০০ কর্মীকে ছাঁটাই নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের ১,৪০০ এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ১,১০০ কর্মী রয়েছেন।
বাজেট অনুমোদনে কংগ্রেসে অচলাবস্থার কারণে সরকার আংশিকভাবে বন্ধ (শাটডাউন) হয়ে আছে। হোয়াইট হাউজ সতর্ক করেছে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে আরও হাজারো কর্মী চাকরি হারাতে পারেন।
যদিও কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তবু অর্থায়ন বিল পাসে সিনেটে ডেমোক্র্যাটদের সমর্থন প্রয়োজন। ডেমোক্র্যাটরা “অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট”–এর আওতায় স্বাস্থ্যবিমা ভর্তুকি বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। তাদের যুক্তি, এই ভর্তুকি বন্ধ হলে প্রায় ২ কোটি ৪০ লাখ আমেরিকান নাগরিকের স্বাস্থ্য ব্যয় বেড়ে যাবে।
স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, তাদের সংস্থার প্রায় ৪১ শতাংশ কর্মী ছাঁটাইয়ের আওতায় পড়েছেন। ট্রেজারি বিভাগেও ছাঁটাই চলছে, যেখানে আইআরএসে ১,৩০০ পদ বিলুপ্তির আশঙ্কা রয়েছে। শিক্ষা, বাণিজ্য, আবাসন, পরিবেশ, জ্বালানি ও স্বরাষ্ট্র দপ্তরেও কর্মী ছাঁটাই শুরু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। তবে পরিবহন ও ফেডারেল এভিয়েশন প্রশাসন আপাতত এ তালিকার বাইরে রয়েছে।
চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া প্রশাসনিক পুনর্গঠন অভিযানে প্রায় ৩ লাখ সরকারি কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে ছিলেন।
এদিকে, ট্রাম্প নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও ইলিনয় অঙ্গরাজ্যের জন্য ২৮ বিলিয়ন ডলার অবকাঠামো তহবিল স্থগিত করেছেন—যেখানে ডেমোক্র্যাটদের সমর্থন সবচেয়ে বেশি।
সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, “রিপাবলিকানরা যদি দায়িত্ব না নেয়, তাহলে চাকরি হারানো ও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের দায় তাদেরই নিতে হবে।”
অন্যদিকে, ফেডারেল কর্মীদের প্রতিনিধিত্বকারী শ্রমিক ইউনিয়নগুলো আদালতে ছাঁটাই স্থগিতের আবেদন করেছে। ট্রাম্প প্রশাসন একে “অবৈধ দাবি” বলে উল্লেখ করেছে। বিষয়টি নিয়ে শুনানি হবে ১৫ অক্টোবর।
কিছু রিপাবলিকানও ছাঁটাই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। সিনেটের বরাদ্দ কমিটির প্রধান সুসান কলিন্স বলেন, “ফেডারেল কর্মীদের বেতন নয়, জনগণের সেবার প্রতি তাদের দায়িত্বই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”




