বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

পাকিস্তানকে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিমানবাহিনীকে উন্নত প্রযুক্তির আকাশ থেকে আকাশে হামলার ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে আমেরিকা। ওয়াশিংটনের নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে পাকিস্তান এআইএম-১২০ডি-৩ মডেলের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পাবে।

আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, এ ক্ষেপণাস্ত্র সরবরাহের ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের চুক্তি পেয়েছে দেশটির প্রতিরক্ষা প্রতিষ্ঠান রে-থিয়ন কোম্পানি। চুক্তির আওতায় পাকিস্তান ছাড়াও তুর্কি ও অন্যান্য মিত্রদেশের জন্য ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হবে।

এআইএম-১২০ডি-৩ হলো এএমআরএএম পরিবারের সর্বশেষ প্রজন্ম, যা দৃষ্টিসীমার বাইরে যুদ্ধ পরিচালনায় সক্ষম। শত্রুপক্ষের বিমান ও আসন্ন ক্ষেপণাস্ত্রকে নির্ভুলভাবে শনাক্ত করে দূরপাল্লায় আঘাত হানতে পারে এটি।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, নতুন ক্ষেপণাস্ত্র পাকিস্তানের এফ-১৬ বহরের আক্রমণ ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। এটি বর্তমানের এআইএম-১২০সি-৫ সংস্করণের জায়গায় ব্যবহৃত হবে। পাকিস্তানের সামরিক আধুনিকায়নের ক্ষেত্রে এটিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

দীর্ঘদিন ধরে পাকিস্তান এই ক্ষেপণাস্ত্রের জন্য লবিং করে আসছিল। গত জুলাইয়ে বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকির ওয়াশিংটন সফরের সময় আমেরিকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর চুক্তিটি চূড়ান্ত হয়। সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তান পূর্ব ও পশ্চিম উভয় দিক থেকেই উন্নত প্রযুক্তির অস্ত্র কিনছে এবং একইসঙ্গে নিজস্ব উৎপাদন সক্ষমতাও জোরদার করছে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি পাকিস্তান-আমেরিকার সামরিক সহযোগিতা পুনরায় সক্রিয় হওয়ার ইঙ্গিত বহন করছে।