বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

গাজা শান্তি আলোচনায় দ্রুত অগ্রগতির আহ্বান ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধ অবসানে শান্তি আলোচনায় সম্পৃক্ত পক্ষগুলোকে দ্রুত অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, আলোচনায় দেরি হলে ভয়াবহ রক্তপাত ঘটতে পারে।

হামাস আমেরিকার প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার কিছু অংশে সম্মতি জানিয়েছে। এর মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া এবং গাজার প্রশাসনিক দায়িত্ব ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে ছেড়ে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত। তবে বাকি বিষয়গুলো নিয়ে তারা আলোচনা অব্যাহত রাখতে চায়। সোমবার এ নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প লিখেছেন, “আমাকে বলা হয়েছে বৈঠকের প্রথম ধাপ এই সপ্তাহে শেষ হবে। আমি সবাইকে দ্রুত এগোতে বলছি। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিরা “খুব শিগগির” মুক্তি পাবে বলে তিনি আশা করছেন। শান্তি পরিকল্পনার নমনীয়তার বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, “আমাদের খুব বেশি নমনীয় হতে হবে না, কারণ প্রায় সবাই তাতে একমত। তবে কিছু পরিবর্তনের সুযোগ সব সময় থাকে।”

ট্রাম্প আরও বলেন, “এটি ইসরায়েলের জন্য দারুণ এক চুক্তি; একইসঙ্গে আরব বিশ্ব, মুসলিম বিশ্ব এবং আন্তর্জাতিক সমাজের জন্যও একটি গুরুত্বপূর্ণ সমাধান।”

অন্যদিকে, মিসরের মধ্যস্থতায় আলোচনা চললেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গতকাল ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় ত্রাণপ্রত্যাশীসহ অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

২০২৩ সাল থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৭ হাজার ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ৬৭৯ জন। এছাড়া এখনো হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।