আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ থামাতে প্রস্তাবিত তার ২০ দফা শান্তি পরিকল্পনার জবাব দেওয়ার জন্য ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে তিন থেকে চার দিন সময়সীমা বেঁধে দিয়েছেন। পরিকল্পনা মানা না হলে পরিণতি “খুবই দুঃখজনক” হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।
সোমবার (স্থানীয় সময়) হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই শান্তি পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামাস প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি ইসরায়েলকে “যা করার তা করার” পূর্ণ সমর্থন দেবেন।
পরদিন হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা এখন কেবল হামাসের জবাবের জন্য অপেক্ষা করছি।” তার দাবি, পরিকল্পনায় সব আরব ও মুসলিম দেশ সই করেছে, ইসরায়েলও এতে সম্মতি জানিয়েছে।
হামাসের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প বলেন, “তারা তিন-চার দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে পারবে। যদি না মেনে নেয়, তবে পরিণতি হবে খুবই দুঃখজনক।” তিনি আরও বলেন, হামাস ইতোমধ্যে বড় মূল্য দিয়েছে—তাদের একাধিক নেতা নিহত হয়েছেন। এখন তাদের কাছ থেকে জিম্মিদের মুক্তি ও দায়িত্বশীল আচরণ চান তিনি।
২০ দফা পরিকল্পনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে—গাজায় যুদ্ধ বন্ধ, জিম্মিদের মুক্তি,
যুদ্ধ-পরবর্তী গাজার প্রশাসন চালাতে আন্তর্জাতিক বোর্ড অব পিস গঠন, এবং কিছু শর্তসাপেক্ষে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরি।
ট্রাম্পের ভাষায়, “এই পরিকল্পনা খুবই চমৎকার, অনেক দেশের ঐকমত্যে তৈরি হয়েছে। কাজ করে গেলে এটি হবে ‘এ প্লাস’।”
এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামাস ট্রাম্পের প্রস্তাবটি দায়িত্বশীলভাবে পর্যালোচনা করছে। বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতার মতে, পরিকল্পনার বিষয়ে হামাস আনুষ্ঠানিক জবাব দিতে কয়েকদিন সময় নিতে পারে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট করেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে তার দেশ।




