বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বিদেশি সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়েছেন যে, দেশের বাইরে নির্মিত সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। তার দাবি, বিদেশি প্রযোজকরা আমেরিকার চলচ্চিত্রশিল্পকে “চুরি করে নিয়ে গেছে।”

সোমবার ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, অন্যান্য দেশ আমেরিকার ব্যবসা কেড়ে নিচ্ছে, যা তিনি তুলনা করেছেন “শিশুদের কাছ থেকে টফি কেড়ে নেওয়ার” সঙ্গে। তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমকে ‘দুর্বল ও অদক্ষ’ বলে সমালোচনা করেন এবং দাবি করেন, এ রাজ্যই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্রাম্প লেখেন, “দীর্ঘদিনের এই অন্তহীন সমস্যার সমাধানে আমি আমেরিকার বাইরে নির্মিত যেকোনো সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করব।” তবে তিনি কবে থেকে এ শুল্ক কার্যকর হবে বা কীভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে কোনো বিস্তারিত জানাননি।

এর আগে এ বছরের মে মাসেও ট্রাম্প একই ধরনের হুমকি দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, আমেরিকার চলচ্চিত্রশিল্প দ্রুতগতিতে পতনের দিকে যাচ্ছে এবং বাণিজ্য মন্ত্রণালয় ও আমেরিকার বাণিজ্য প্রতিনিধিকে শুল্ক প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিলেন।

হলিউড আমেরিকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। মোশন পিকচার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে এ খাতের বিক্রয় আয় ছিল ২৭৯ বিলিয়ন ডলার এবং কর্মসংস্থান তৈরি হয়েছিল প্রায় ২৩ লাখ মানুষের জন্য। তবে কোভিড-১৯ মহামারি ও সাম্প্রতিক ধর্মঘটের কারণে দর্শকরা হলে না গিয়ে ঘরে বসে সিনেমা দেখতে শুরু করায় শিল্পটি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ট্রাম্প তার পোস্টে টেলিভিশন সিরিজের প্রসঙ্গ উল্লেখ করেননি, যদিও এ খাত সাম্প্রতিক বছরগুলোতে লাভজনক ও জনপ্রিয় হয়ে উঠছে।